হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মার্কিন রণতরীর দুরবস্থার খবরকে ভুলভাবে উপস্থাপিত বললেন হেগসেথ

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। ছবি: বিবিসি

মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের ভেতরের দুরবস্থা নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ‘সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপিত হয়েছে’ বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পানামা সফরের সময় সাংবাদিকদের হেগসেথ বলেন, দীর্ঘ ও কঠিন সামরিক অভিযানে থাকা নাবিকদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। তিনি বলেন, প্রতিকূল পরিবেশে দীর্ঘ সময় সমুদ্রে থেকে দায়িত্ব পালন করা নাবিকদের প্রতি তাঁর ‘অসীম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা’ রয়েছে।

তবে সামরিক বিষয়ক সংবাদমাধ্যম নেভি টাইমস ও স্টারস অ্যান্ড স্ট্রাইপস-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫ হাজার নাবিকের এই রণতরীতে আত্মহত্যার চেষ্টা, মনোবল কমে যাওয়া এবং নানা ধরনের সংকট দেখা দিয়েছে। ২০২৫ সালের নভেম্বর থেকে সমুদ্রে থাকা জাহাজটি জানুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে এবং ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে সহায়তা করছে।

সাধারণত মার্কিন নৌবাহিনীর একেকটি যুদ্ধজাহাজ মোতায়েনের মেয়াদ ৬ থেকে ৯ মাস হলেও যুদ্ধকালীন পরিস্থিতিতে তা দীর্ঘায়িত হতে পারে। দীর্ঘমেয়াদি মোতায়েন নাবিকদের মানসিক স্বাস্থ্যের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় তাদের সবসময় উচ্চ সতর্কতায় থাকতে হচ্ছে।

এদিকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইউএসএস জর্জ ওয়াশিংটন রণতরী আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হওয়ার উদ্দেশে ওই অঞ্চলের দিকে যাচ্ছে। তবে এটি আগে থেকেই পরিকল্পিত ছিল বলে জানান তিনি।

আব্রাহাম লিংকনের দীর্ঘ মোতায়েন ও জাহাজটির পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারাও। সিনেটর রিচার্ড ব্লুমেনথাল হেগসেথ ও নৌবাহিনীর সচিবকে লেখা চিঠিতে মৌলিক সরঞ্জামের ঘাটতি, পানিদূষণ, প্লাম্বিং সমস্যা, মানসিক স্বাস্থ্যের অবনতি, ডেকের নিরাপত্তা এবং ডাকব্যবস্থায় বিঘ্নের অভিযোগ তোলেন।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেছেন, মার্কিন সেনাবাহিনীকে প্রয়োজনীয় সব সম্পদ দিয়ে যে কোনো হুমকি মোকাবিলায় সক্ষম রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হেগসেথ প্রতিশ্রুতিবদ্ধ।