যুক্তরাষ্ট্রের টেক্সাসে তিন বছর বয়সী মেয়েকে হত্যার অভিযোগে প্রায় ৩০ বছর ধরে পলাতক থাকা এক নারীকে মেক্সিকো থেকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত মারিয়া নারেজকে এখন ট্যারান্ট কাউন্টিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে স্থানীয় জেলা অ্যাটর্নির কার্যালয়।
বুধবার (১২ আগস্ট) নিউইয়র্ক পোস্ট জানায়, বর্তমানে ৪৮ বছর বয়সী নারেজের বিরুদ্ধে ১৯৯৬ সালের নভেম্বরে তাঁর তিন বছর বয়সী মেয়ে কাসান্দ্রা হোয়াইটকে হত্যা করার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, ফোর্ট ওর্থের বাড়িতে নিজের মেয়েকে ঝাঁকানোর পর মারধরও করেন নারেজ এবং পরে দেয়ালে ছুড়ে মারেন।
কন্যা হত্যার দায়ে ১৯৯৭ সালে একটি গ্র্যান্ড জুরি নারেজের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। তবে আদালত তাঁর জামিনের অর্থ কমিয়ে ২৫ হাজার ডলার করার পর তিনি নিখোঁজ হয়ে যান। পরে জামিনের শর্ত ভঙ্গ করায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর তিনি সীমান্ত পেরিয়ে মেক্সিকোতে আত্মগোপন করেন।
প্রায় ২৯ বছর পর সম্প্রতি মেক্সিকোতে নারেজকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কোথা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং এত বছর তিনি কীভাবে সেখানে ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
ট্যারান্ট কাউন্টি জেলা অ্যাটর্নির কার্যালয় এক বিবৃতিতে বলেছে, কাসান্দ্রার মৃত্যুর ঘটনায় নারেজকে বিচারের মুখোমুখি করতে তারা কখনো চেষ্টা বন্ধ করেনি।
১৯৯৬ সালে নারেজের বয়স ছিল মাত্র ১৯ বছর। সে সময় তিনি একটি মুদি দোকানে কর্মরত ছিলেন। ফোর্ট ওয়ার্থ স্টার-টেলিগ্রাম-এর তৎকালীন প্রতিবেদনে বলা হয়—কাসান্দ্রা রাতে ঘুমাতে যেতে অস্বীকৃতি জানালে নারেজ ক্ষিপ্ত হয়ে ওঠেন।
ঘটনার পর পুলিশকে নারেজ জানিয়েছিলেন, তখন তিনি হতাশা ও মানসিক চাপে ছিলেন এবং একপর্যায়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। ফোর্ট ওয়ার্থ পুলিশের সার্জেন্ট ফ্রেড পেন্ডারগ্রাফ সে সময় সংবাদপত্রটিকে জানিয়েছিলেন, নারেজ শিশুটিকে বুকের নিচ থেকে ধরে দেয়ালের দিকে ছুড়ে মারেন। এতে শিশুটির মাথা দরজার কিনারায় আঘাত পায়।
আঘাতের পর কাসান্দ্রা জানিয়েছিল, তার খুব ব্যথা করছে। এরপরও সে ঘুমাতে যায়। পরে নারেজ মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে শিশুটি অচেতন হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মারা যায়। ওই ঘটনায় নারেজকে গ্রেপ্তার করা হয়েছিল।
মেক্সিকো থেকে নারেজকে টেক্সাসের ট্যারান্ট কাউন্টিতে প্রত্যর্পণ করা হবে। সেখানে তাঁর বিরুদ্ধে ক্যাপিটাল মার্ডার বা গুরুতর হত্যার অভিযোগে বিচার শুরু হওয়ার কথা রয়েছে।
নারেজকে গ্রেপ্তারে সহযোগিতার জন্য মেক্সিকো ইন্টারপোল, ইউএস মার্শালসের মেক্সিকো ফরেন ফিল্ড অফিস, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক কার্যালয় এবং সংশ্লিষ্ট তদন্তকারী ও সহকারী জেলা অ্যাটর্নিকে ধন্যবাদ জানিয়েছে ট্যারান্ট কাউন্টি জেলা অ্যাটর্নির কার্যালয়।