নিউইয়র্কের একটি কারাগারে বন্দী থেকেও সংকেতপূর্ণ বার্তার মাধ্যমে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ একটি সামরিক বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনা পরিচালনা করেছিলেন ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর এক কমান্ডার। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কৌঁসুলিদের নতুন অভিযোগপত্রে এমন তথ্য উঠে এসেছে।
বুধবার (১১ নভেম্বর) সিএনএন জানায়, অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ দাউদ আল-সাদি। তিনি ইরান ও ইরাকের দ্বৈত নাগরিক এবং ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন কাতাইব হিজবুল্লাহর সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দী থাকা অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে ফোনালাপে সাংকেতিক ভাষা ব্যবহার করে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার নির্দেশনা দেন তিনি।
যুক্তরাষ্ট্রের বি-১ বোমারু বিমান মোতায়েন থাকা এই ঘাঁটিটি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহৃত হচ্ছে।
মঙ্গলবার নিউইয়র্কের একটি গ্র্যান্ড জুরি নতুন অভিযোগপত্রটি দাখিল করেছে। এতে আল-সাদির পাশাপাশি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অপারেটিভ মোহসেন মোহাজেরি এবং মোহাম্মদ আলী আল-হাসানিকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগপত্র অনুযায়ী—পরিকল্পনার প্রাথমিক প্রস্তুতি পরিচালনা করেন আল-হাসানি। তিনি বিমানঘাঁটিতে নজরদারির ব্যবস্থা করেন এবং কয়েকজনকে ভ্যান ও জ্বালানিভর্তি ড্রাম সংগ্রহের জন্য অর্থ দেন। হামলাকারীদের ঘাঁটির দিকে এগিয়ে যাওয়ার সময়ও তাঁদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।
গত সেপ্টেম্বরে ফেয়ারফোর্ড ঘাঁটির দিকে যাওয়া তিনটি সন্দেহজনক গাড়ি শনাক্ত করে যুক্তরাজ্যের পুলিশ। এই ঘটনায় সন্ত্রাসী হামলার পরিকল্পনার সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়। পরে গাড়িগুলোতে বিস্ফোরক না পাওয়ায় কঠোর শর্তে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তদন্তকারীদের ধারণা, জ্বালানিভর্তি ভ্যানগুলোকেই বিস্ফোরক হিসেবে ব্যবহার করার পরিকল্পনা ছিল অভিযুক্তদের। অক্টোবরের শেষ দিকে তাঁদের কয়েকজনকে আবার গ্রেপ্তার করা হয়।
কৌঁসুলিদের দাবি, কারাগার থেকে আল-সাদি ইরাকে থাকা পরিবারের সদস্যদের অর্থ স্থানান্তরের নির্দেশ দেন। হামলার পরিকল্পনাকে তিনি ফোনালাপে ‘কাজ’ বা ‘পুরোনো কাজ’ হিসেবে উল্লেখ করতেন। জুলাইয়ের একটি ফোনালাপে বোনের কাছে জানতে চান, তাঁদের ‘পুরোনো কাজ’ বাতিল হয়েছে, নাকি স্থগিত রয়েছে। বোন উত্তর দেন, ‘এটি বাতিল হয়নি।’
গত ২৪ সেপ্টেম্বরের একটি ফোনালাপে পরিবারের সদস্যদের তিনি বলেন, ‘তাকে টাকা দাও, তাহলে আমরা কাজটি করতে পারব।’ অভিযোগপত্র অনুযায়ী, এর তিন দিন পরই তাঁর সহযোগীরা ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার চেষ্টা করেন।
মার্কিন কৌঁসুলিদের দাবি, আল-সাদি একসময় ইরানের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ২০২০ সালে মার্কিন বিমান হামলায় নিহত হওয়ার সময় সোলাইমানির সঙ্গে থাকার কথা ছিল তাঁর। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এর আগে ইউরোপে ইহুদি প্রতিষ্ঠানগুলোতে অগ্নিসংযোগসহ বিভিন্ন হামলার ভিডিও ধারণ ও প্রচারণামূলক উপকরণ তৈরিতে আল-সাদির ভূমিকার অভিযোগ আনা হয়। যুক্তরাষ্ট্রে একটি সিনাগগসহ বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড ঘটানোর জন্য লোক নিয়োগের চেষ্টার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
কারাগারে তাঁর ফোনালাপ নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বিশেষ প্রশাসনিক বিধিনিষেধ আরোপ করে। এতে আইনজীবী ও নিকটাত্মীয় ছাড়া অন্য কারও সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ করা হয়। কৌঁসুলিদের ভাষ্য, ফোনালাপে আল-সাদি সাংকেতিক শব্দ ব্যবহার করতেন এবং নজরদারি এড়াতে পরিবারের সদস্যদের সতর্ক থাকতে বলতেন।