হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্প-পুতিন-সির ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতে

আজকের পত্রিকা ডেস্ক­

এপেক সম্মেলনের মঞ্চে ট্রাম্প, পুতিন ও সি। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ বৃহস্পতিবার চীনের শেনজেনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক অস্ত্র, ইরান সংঘাত, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং বৈশ্বিক কূটনীতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বিশ্লেষকদের মতে—তিন বিশ্বনেতার এই বৈঠকের আলোচ্যসূচিতে ১৯৪৫ সালের ফেব্রুয়ারিতে ইয়াল্টায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের শীর্ষ নেতাদের ঐতিহাসিক সম্মেলনের প্রতিধ্বনি রয়েছে। তবে বৈঠকটি শেষ পর্যন্ত আন্তর্জাতিক রাজনীতিতে বড় কোনো পরিবর্তন কিংবা ঐতিহাসিক সমঝোতা আনতে পারবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তিন নেতার প্রত্যেকেরই বৈঠক নিয়ে নিজস্ব অগ্রাধিকার রয়েছে।

ইউক্রেন যুদ্ধকে গুরুত্ব দেবে রাশিয়া

বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধকে বিশেষ গুরুত্ব দিতে পারেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের (ইসিএফআর) জ্যেষ্ঠ নীতিবিষয়ক গবেষক ফ্রেডরিক ওয়েসলাউ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘পুতিন চান, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন মিলে অন্য সবার ভূরাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করুক। কিন্তু শেষ পর্যন্ত ইউরোপের নিরাপত্তার মৌলিক বিষয়গুলো ইউরোপীয়দের অংশগ্রহণ ছাড়া নির্ধারণ করা অসম্ভব।’

তবে যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্টের সঙ্গে একই বৈঠকে অংশ নেওয়া রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। এতে অর্থনৈতিকভাবে তুলনামূলক দুর্বল অবস্থানে থাকা সত্ত্বেও বৈশ্বিক শক্তি হিসেবে রাশিয়ার মর্যাদা পুনরায় প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন হাডসন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক সিপোরা ফ্রিড। তিনি বলেন, ইউক্রেনের ভূখণ্ড, নিষেধাজ্ঞা কিংবা দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো ছাড় না দিয়েও এই বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার গ্রহণযোগ্যতা ফিরে পাওয়ার সুযোগ রয়েছে।

পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা করতে চান ট্রাম্প

বৈঠকে তিন দেশের পারমাণবিক অস্ত্রের মজুত নিয়ে আলোচনা করতে চান ট্রাম্প। তবে এ বিষয়ে চীন এখন পর্যন্ত খুব একটা আগ্রহ দেখায়নি। কারণ, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা অনেক কম। চীনের কাছে বর্তমানে ৬০০ টির বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রত্যেকের কাছেই ৫ হাজারের বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’-এর মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, তিনি একটি ‘নতুন, উন্নত ও আধুনিক’ চুক্তি করতে চান, যেখানে চীনকেও অন্তর্ভুক্ত করা হবে। চলতি সপ্তাহে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনালাপ হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ওই আলোচনায় শান্তি প্রতিষ্ঠা ও পারমাণবিক নিরস্ত্রীকরণের মতো লক্ষ্য অর্জনে শীর্ষ পর্যায়ে অর্থবহ আলোচনার গুরুত্ব নিয়ে দুই নেতা একমত হয়েছেন।

সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করব। বিষয়টি কঠিন। কারণ, আমাদের মধ্যে কে-ই বা বলতে পারবে যে আমরা নিজেদের পারমাণবিক অস্ত্র ছেড়ে দেব, তাই না?’

আলোচনায় আসতে পারে ইরান যুদ্ধও

তিন নেতার বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করব। ইরান নিয়েও কথা বলব। ইরানের পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে বেশ ভালো অবস্থায় রয়েছে। তবে দেশটি নিয়ে কিছুটা আলোচনা হবে।’

অক্টোবরের শেষ দিকে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতার বড় একটি অংশ ধ্বংস করে দিয়েছে। তবে এখনো ‘এক বা দুটি লক্ষ্যবস্তু’ মোকাবিলা করা বাকি রয়েছে। ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার চীন দীর্ঘদিন ধরে এই সংঘাতে মধ্যস্থতার চেষ্টা করে আসছে। বেইজিং জানিয়েছে, ইরানকে ঘিরে নতুন করে সংঘাত শুরু হওয়া ঠেকানো তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার।

বিশ্ব কূটনীতির কেন্দ্রে আসার সুযোগ চীনের

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই ত্রিপক্ষীয় বৈঠককে ‘যুগান্তকারী গুরুত্বসম্পন্ন’ বলে বর্ণনা করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, তিন নেতা বিশ্বশান্তি রক্ষা এবং প্রধান শক্তিগুলোর মধ্যকার সম্পর্কের কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করবেন। কয়েক দশকের কূটনৈতিক রীতিনীতি ভেঙে সি চিন পিং নিজেই বিমানবন্দরে গিয়ে ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন। ১৯৬০-এর দশকের পর এই প্রথম চীনের সর্বোচ্চ নেতা ব্যক্তিগতভাবে কোনো বিদেশি রাষ্ট্রনেতাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন।

এর মধ্য দিয়ে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সি চিন পিংকে ট্রাম্প যে অভ্যর্থনা জানিয়েছিলেন, তারও পাল্টা সৌজন্য দেখালেন চীনা প্রেসিডেন্ট। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে জানা গেছে, ট্রাম্পকে সি চিন পিং বলেন, ‘চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতা এবং বৈশ্বিক পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সঙ্গে বিস্তারিত মতবিনিময়ের অপেক্ষায় রয়েছি। এর লক্ষ্য হলো আমাদের দুই দেশের মধ্যে একটি গঠনমূলক ও কৌশলগতভাবে স্থিতিশীল সম্পর্ক এগিয়ে নেওয়া।’

হাডসন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক সিপোরা ফ্রিডের মতে, আয়োজক দেশ হিসেবে চীন এই বৈঠকের মাধ্যমে বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসার এবং যুক্তরাষ্ট্রের পাশাপাশি নিজেদের বৈশ্বিক অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ পেতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, ‘উচ্চাভিলাষী কোনো আলোচ্যসূচি নির্ধারণ করা থেকে বিরত থাকার পেছনেও বেইজিংয়ের নিজস্ব কিছু কারণ রয়েছে।’

সব মিলিয়ে, এই বৈঠক রাশিয়ার জন্য আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের অবস্থান পুনঃপ্রতিষ্ঠা, যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে চীনকে আলোচনায় আনা এবং চীনের জন্য বৈশ্বিক কূটনীতিতে নিজেদের প্রভাব বাড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। তবে তিন নেতা এসব বিষয়ে কতটা ঐকমত্যে পৌঁছাতে পারবেন এবং বৈঠক থেকে কোনো বড় সিদ্ধান্ত আসবে কি না, তা এখনো অনিশ্চিত।