হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

৩০ দিনের মধ্যে যুদ্ধের অবসান চায় ইরান, ট্রাম্পের মনে সংশয়

আন্তর্জাতিক ডেস্ক 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ অবসানে নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই প্রস্তাবের মূল লক্ষ্য কেবল যুদ্ধবিরতি দীর্ঘায়িত করা নয়, আগামী ৩০ দিনের মধ্যে সব সমস্যার সমাধান করে যুদ্ধের ইতি টানা। এই প্রস্তাবের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি প্রস্তাবটি পর্যালোচনা করছেন। কিন্তু এটি সফল হবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে তাঁর।

ইরানি সংবাদমাধ্যম নুর নিউজের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের মধ্যস্থতায় গত বৃহস্পতিবার ইরান তাদের ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের ৯ দফা পরিকল্পনার বিপরীতে ইরানের এই প্রস্তাবে বলা হয়েছে—যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, নৌ অবরোধ তুলে নিতে হবে, অঞ্চল থেকে সেনা সরিয়ে নিতে হবে এবং ইসরায়েল কর্তৃক লেবাননে চলমান সামরিক অভিযান বন্ধ করতে হবে।

অন্যদিকে হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে ইরান এখনো তার অবস্থানে অনড়। পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ লারাক দ্বীপ পরিদর্শনের সময় জানিয়ে দিয়েছেন, যুদ্ধের আগের অবস্থায় আর ফেরা সম্ভব নয়। তিনি বলেন, হরমুজ প্রণালি ইসলামি প্রজাতন্ত্র ইরানের নিজস্ব সম্পদ। তাঁর দাবি, ইরান এই প্রণালির মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে চায়।

পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র ইরানকে চাপে রাখতে নৌ অবরোধ অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, হরমুজ প্রণালিতে অবাধ চলাচল নিশ্চিত ও ইরানের অবরোধ নীতি পরিবর্তন না হওয়া পর্যন্ত এই নৌ অবরোধ প্রত্যাহার করা হবে না। ওয়াশিংটন সতর্ক করেছে, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের জন্য ইরানকে টোল বা ফি দিলে সেই জাহাজ কোম্পানিগুলো মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়বে।

এদিকে চলমান যুদ্ধের কারণে তেহরানের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। আজ রোববার (৩ মে) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান আরও কমেছে। তেহরানের প্রধান মুদ্রা বিনিময় কেন্দ্র ফারদোসি স্ট্রিটে প্রতি ডলারের বিনিময়মূল্য দাঁড়িয়েছে ১৮ লাখ ৪০ হাজার রিয়ালে।

এ ছাড়া বাজার অস্থিতিশীল হওয়ায় পণ্যের দাম প্রতিদিন বাড়ছে। কারখানাগুলো শ্রমিকদের নতুন চুক্তি নবায়ন করছে না, ফলে বেকারত্ব বাড়ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান জানান, উভয় দেশই নিজেদের বিজয়ী মনে করছে এবং কেউ পিছু হটতে রাজি নয়।

যুদ্ধের ভয়াবহতার মাঝে ইরানি কর্তৃপক্ষের হাতে বন্দী নোবেলজয়ী অধিকারকর্মী নার্গিস মোহাম্মাদির শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। তাঁর পরিবার ও নোবেল ফাউন্ডেশনের তথ্যানুযায়ী, গত শুক্রবার তিনি কারাগারে দুবার অজ্ঞান হয়ে পড়েন। পরে জানা যায়, তিনি হৃদ্‌রোগে (কার্ডিয়াক ক্রাইসিস) আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাঁকে জানজান শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নোবেল কমিটি অবিলম্বে তাঁকে চিকিৎসার জন্য তেহরানে স্থানান্তরের আহ্বান জানিয়েছে। তবে তাঁর পরিবারের অভিযোগ, ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় তাঁকে উন্নত চিকিৎসার জন্য তেহরানে স্থানান্তর করতে দিচ্ছে না। কমিটির চেয়ার ইয়োরগেন ওয়াটনে ফ্রাইডনেস বলেছেন, নার্গিস মোহাম্মাদির জীবন এখন পুরোপুরি ইরানের কর্তৃপক্ষের হাতে।

যুক্তরাষ্ট্র থেকে আরও অর্ধশত যুদ্ধবিমান কিনছে ইসরায়েল

ইরান দুর্ব্যবহার করলে আবারও হামলা করব: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের অবরোধে ইরানের ক্ষতি ৪৮০ কোটি ডলার, দাবি পেন্টাগনের

জলদস্যুদের মতো আমরা ইরানি জাহাজ জব্দ করেছি: ট্রাম্প

মাছ ধরতে গিয়ে এক জেলে যেভাবে খুঁজে পেলেন বৃষ্টির মরদেহ

ট্রাম্পের অনুষ্ঠানে হামলা: সিক্রেট সার্ভিস অফিসারকে গুলি করল কে, তথ্যগত অসংগতি নিয়ে রহস্য

জার্মানি থেকে ৫ হাজার সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র, ইউরোপের সঙ্গে বিচ্ছেদের সূচনা

ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প, নেতৃত্ব নিয়ে সংশয়

সান ফ্রান্সিসকোর রাস্তায় মাদকাসক্তদের ‘জম্বি দশা’ নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়

ইতালি, স্পেন ও জার্মানি থেকে কেন সেনা সরিয়ে নিতে চান ট্রাম্প