হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে, দাবি ট্রাম্পের

আজকের পত্রিকা ডেস্ক­

ডাবলিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

আসন্ন নভেম্বর মাসের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হবে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি খুব শিগগিরই এই যুদ্ধ শেষ হবে। সম্ভবত মধ্যবর্তী নির্বাচনের পরই এটি ঘটবে। তারা (ইরান) নির্বাচন প্রক্রিয়াকে জটিল করতেই যত দূর সম্ভব বিলম্ব করার চেষ্টা করছে। তবে আমার বিশ্বাস, জনগণ এখন বিষয়টি বুঝতে পেরেছে।’ তিনি আরও বলেন, ‘যুদ্ধ শেষ হলেই তেলের দাম হু হু করে কমে যাবে।’

এ সময় যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প তাঁর প্রশাসনের পদক্ষেপকে ‘অসাধারণ’ বলে অভিহিত করেন। ইসরায়েলকে সহায়তার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গাজা নিয়ে বলতে গেলে, আমরা সেখানকার মূল সমস্যার সমাধান করে ফেলেছি এবং সব জিম্মিদের ফেরত এনেছি। এখন গাজায় অপ্রীতিকর তেমন কিছুই ঘটছে না।’

ট্রাম্প আরও বলেন, ‘নিহত জিম্মিদের বাবা-মা জানতেন তাঁদের সন্তানেরা মারা গেছেন। তাঁরা অন্তত দেহাবশেষ ফেরত চেয়েছিলেন। শেষ পর্যন্ত আমরা প্রত্যেককে ফিরিয়ে আনতে পেরেছি। এটা সত্যিই অবিশ্বাস্য। গাজার পরিস্থিতি এখন বেশ ইতিবাচক। আমি মনে করি, আমরা সেখানে দারুণ কিছু কাজ করেছি।’

তথ্যসূত্র: আল জাজিরা