এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়ানোর পর অবশেষে মুখ খুলেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। ব্যক্তিগত জীবনের বিতর্কের কারণে প্রতিষ্ঠানের যে সংকট তৈরি হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে পরিবারের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন। তবে প্রতিষ্ঠানটির নেতৃত্বে আবারও ফেরার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ২৭৭ শব্দের এক বিবৃতির শেষাংশে হুয়াং লেখেন, ‘আমার পরিবারকে বলছি, আমি তোমাদের ভালোবাসি। জীবনের অবশিষ্ট সময়টুকু তোমাদের ভালোবাসার যোগ্য হয়ে ওঠার চেষ্টা করব।’
এর আগে বিবাহবহির্ভূত সম্পর্কের একাধিক প্রতিবেদন প্রকাশের পর ১২ নভেম্বর এনভিডিয়ার সিইওর পদ ছাড়েন হুয়াং। তাঁর সঙ্গে ৪১ বছরের দাম্পত্যসঙ্গী লরি মিলস এ বিষয়ে এখনো কোনো বক্তব্য দেননি।
গত সপ্তাহে দেওয়া এক বিবৃতিতে সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন জেনসেন। স্ত্রী মিলসের প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, তাঁর কর্মকাণ্ডে স্ত্রী ও সন্তানেরা কষ্ট পেয়েছেন। এর কোনো অজুহাত নেই এবং এ জন্য তিনি গভীরভাবে দুঃখিত।
পরিবারের কাছ থেকে সারা জীবন সমর্থন পেলেও তাঁদের হতাশ করেছেন এবং একসঙ্গে গড়ে তোলা জীবনকে ক্ষতিগ্রস্ত করেছেন বলে স্বীকার করেন তিনি। ক্ষমা চেয়ে পরিবারের আস্থা আবার অর্জনের আশাও প্রকাশ করেন।
এদিকে গতকালের বিবৃতিতে এনভিডিয়ার নেতৃত্বে ফেরার ইচ্ছাও স্পষ্ট করেছেন হুয়াং। তিনি বলেন, পদত্যাগের পর প্রতিষ্ঠানটির কর্মী, বিনিয়োগকারী, ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকদের কাছ থেকে তাঁকে আবার সিইও হিসেবে ফেরানোর আহ্বান জানানো হয়েছে।
পরিচালনা পর্ষদ যদি মনে করে, তাঁর প্রত্যাবর্তন শেয়ারধারী, কর্মী, প্রতিষ্ঠান ও যুক্তরাষ্ট্রের স্বার্থে ভালো হবে, তাহলে তিনি দায়িত্ব নিতে সম্মানিত বোধ করবেন।
ব্যক্তিগত জীবনে গুরুতর ভুল করেছেন স্বীকার করে তিনি পরিচালনা পর্ষদের স্বাধীন তদন্তে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে টেসলা ও এক্সএআইয়ের প্রধান ইলন মাস্কসহ কয়েকজন প্রভাবশালী এআই বিনিয়োগকারী হুয়াংকে এনভিডিয়ায় ফিরিয়ে আনার পক্ষে কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাঁর প্রত্যাবর্তনকে ‘খারাপ ধারণা নয়’ বলে মন্তব্য করেছেন।
গত এক সপ্তাহের অস্থিরতায় এনভিডিয়ার শেয়ারের দরেও নেতিবাচক প্রভাব পড়েছে। অন্যদিকে চীনের হাতে এনভিডিয়ার উন্নত মার্কিন চিপ পৌঁছানোর অভিযোগ ও নিরাপত্তা উদ্বেগ নিয়ে আগামী ১ ডিসেম্বর মার্কিন প্রতিনিধি পরিষদের তিনটি কমিটির সামনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে হুয়াংয়ের।