ন্যাটোতে পর্যাপ্ত অবদান না রাখার অভিযোগ তুলে স্পেনকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের আঙ্কারায় চলমান ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনের ফাঁকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। এমনকি তিনি দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণাও দেন। অবশ্য, ট্রাম্পের এই ঘোষণায় খুব বেশি উদ্বিগ্ন নয় মাদ্রিদ।
ট্রাম্প বলেন, ‘ন্যাটোতে স্পেন একটি ভয়াবহ অংশীদার। তারা অংশগ্রহণ করে না। তারা অর্থও দেয় না। আমি স্পেনের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। অনুগ্রহ করে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিন, এমনকি সেখানে ভ্রমণও বন্ধ করুন।’ তিনি আরও বলেন, ‘তাদের সঙ্গে কথাও বলবেন না। তারা খুবই হতাশ, বাজে লোক।’
স্পেনের প্রতিরক্ষা ব্যয় নিয়ে ট্রাম্পের সঙ্গে দেশটির চলমান বিরোধের এটিই সর্বশেষ ঘটনা। ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে স্পেনই একমাত্র দেশ, যারা গত বছর ২০৩৫ সালের মধ্যে নিজেদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার প্রতিশ্রুতি দেয়নি।
এদিকে, ট্রাম্পের স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের আকস্মিক নির্দেশের প্রতিক্রিয়ায় স্পেনের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মাদ্রিদ এই হুমকিগুলো নিয়ে তারা খুব বেশি উদ্বিগ্ন নয় এবং তারা এটিকে ‘স্বাভাবিক ব্যবসায়িক পরিস্থিতির অংশ’ হিসেবেই দেখছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের কার্যালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ‘আমাদের দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অত্যন্ত চমৎকার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক উপভোগ করে এবং এই সম্পর্ক পরিবর্তিত হোক, এমন কোনো ইচ্ছা আমাদের নেই।