নিলামে রেকর্ড ১৯০ দশমিক ৪ মিলিয়ন ডলারে (প্রায় ২ হাজার ৩৬৮ কোটি টাকা) বিক্রি হয়েছে বিশ্বখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি চিত্রকর্ম। ‘শাতা নিয়ে আঁ ফ্লর’ বা ‘ফুলে ভরা চেস্টনাট গাছ’ শিরোনামের ছবিটি বিক্রির মধ্য দিয়ে নিলামে ভ্যান গগের আগের সব রেকর্ড ভেঙে গেছে। ২০২২ সালে তাঁর একটি চিত্রকর্ম ১১৭.২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল, যা এত দিন ছিল তাঁর সর্বোচ্চ নিলামমূল্য।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিবিসি জানায়, স্থানীয় সময় গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলাম প্রতিষ্ঠান সোথেবির আয়োজনে ছবিটি বিক্রি হয়। তবে নিলামের কয়েক ঘণ্টা আগে চিত্রকর্মটির নাৎসি আমলের মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের নিষ্পত্তি হয়। জার্মানির ফিশার পরিবারের উত্তরাধিকারীরা দাবি করেছিলেন, নাৎসিদের উত্থানের সময় আর্থিক সংকটের কারণে বাধ্য হয়েই তাঁদের পূর্বপুরুষেরা ছবিটি বিক্রি করেছিলেন।
সোথেবির তথ্য অনুযায়ী, ১৮৯০ সালে ভ্যান গগের জীবনের শেষ দুই মাসে ছবিটি আঁকা হয়েছিল। ব্যক্তিমালিকানায় থাকা তাঁর ওই সময়ের গুরুত্বপূর্ণ শিল্পকর্মগুলোর একটি হিসেবে বিবেচিত হয় এটি। নিলামের আগে ছবিটির আনুমানিক মূল্য ধরা হয়েছিল ১৮০ মিলিয়ন ডলার। ‘ব্লাকিয়ের-আরিয়েতা কালেকশন’-এর অংশ হিসেবে এটি নিলামে তোলা হয়। ছবিটির ক্রেতার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফিশার পরিবারের আইনজীবী সোথেবিকে জানিয়েছিলেন, নাৎসি শাসনামলে তাঁদের প্রকাশনা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমস্টারডামে ছবিটি বিক্রি করতে বাধ্য হয় পরিবারটি। এ বিষয়ে ফিশার পরিবারের উত্তরাধিকারীদের সঙ্গে ব্লাকিয়ের-আরিয়েতা পরিবারের বিরোধ তৈরি হয়।
বুধবার এক বিবৃতিতে সোথেবি জানায়, ছবিটির নাৎসি আমলের জটিল ইতিহাস এবং হলোকাস্টের সময় ফিশার পরিবারের ওপর নেমে আসা দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে দুই পরিবার পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে। সেই চুক্তির ভিত্তিতেই ছবিটি বিক্রি করা হয়েছে।
সোথেবির নথি অনুযায়ী, জার্মানির প্রখ্যাত প্রকাশক স্যামুয়েল ফিশার ১৯০৯ সালে ছবিটি সংগ্রহ করেন। ১৯৩৪ সালে তাঁর মৃত্যুর পর এটি পরিবারের কাছে ছিল। ১৯৩২ বা ১৯৩৩ সালে ছবিটি আমস্টারডামে পল ক্যাসিরারের কাছে জমা রাখা হয়। পরে ১৯৩৬ সালে প্যারিসের অঁরিয়েত ও মার্সেল কাপফেরারের কাছে যায়। এরপর আরও চারজনের হাত ঘুরে ১৯৭৫ সালে ব্লাকিয়ের পরিবার ছবিটি সংগ্রহ করে। সর্বশেষ বিক্রির আগ পর্যন্ত অর্ধশতাব্দীর বেশি সময় এটি ওই পরিবারের মালিকানায় ছিল।