হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টি আফটারশক, ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর

আজকের পত্রিকা ডেস্ক­

ভূমিকম্পের পর টানা আফটার শকে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে ছাদ থেকে টাইলস খসে পড়ে এবং কাচ ভেঙে যায়। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের উপকূল এলাকায় ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার সকালে আঘাত হানা এ ভূমিকম্পের পর অন্তত ৪০টি আফটার শক অনুভূত হয় বলে সিএনএনের প্রতিবেদন থেকে জানা গেছে। তবে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে প্রাথমিক ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ম্যানহাটন বিচ উপকূলীয় শহরের প্রায় ৩ দশমিক ৭ মাইল পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের প্রায় ৭ দশমিক ৬ মাইল গভীরে ছিল এর উৎপত্তিস্থল। আগামী কয়েক দিন আরও আফটারশক হতে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

সিএনএনের প্রতিবেদন থেকে আরও জানা যায়, টানা আফটারশকে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের ছাদ থেকে টাইলস খসে পড়ে এবং কাচ ভেঙে যায়। তীব্র কম্পনে বিভিন্ন সুপারমার্কেটের পার্কিং এলাকায় গাড়ির অ্যালার্ম বেজে ওঠে। বাড়িঘর-দোকানপাট থেকে আতঙ্কিত লোকজনকে দৌড়ে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। জিনিসপত্র পড়ে যাওয়ার আশঙ্কায় লোকজন বাইরে বেরিয়ে আসেন।

ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী দীর্ঘদিনের বাসিন্দা ও দর্শনার্থীদের কাছে এবারের কম্পনের তীব্রতা ছিল বেশ অস্বাভাবিক। কারণ, এক দশকের বেশি সময়ের মধ্যে শহরটিতে এত শক্তিশালী ভূমিকম্প হয়নি।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস সিএনএনকে বলেন, ‘এখানে প্রায়ই ভূমিকম্প হয়। তবে এবারের ভূমিকম্পটি তুলনামূলকভাবে শক্তিশালী ছিল এবং লস অ্যাঞ্জেলেসের কাছাকাছি আঘাত হেনেছে। তা সত্ত্বেও মানুষের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।’

প্রথমে ৫ মাত্রার ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যেই যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে একের পর এক আফটারশক অনুভূত হতে থাকে। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির ভূকম্পবিদদের হিসাবে, ওই এলাকায় অন্তত ৪০টি আফটারশক অনুভূত হয়েছে। ইউএসজিএসের পূর্বাভাস অনুযায়ী, ৪ বা তার বেশি মাত্রার আফটারশক হওয়ার সম্ভাবনা ছিল ৩০ শতাংশ।

পরে সেই আশঙ্কাই সত্যি হয়। স্থানীয় সময় সকাল ১১টা ৪১ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার একটি আফটারশক আঘাত হানে। এর পরপরই লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট আবারও ভূমিকম্প মোকাবিলার জরুরি কার্যক্রম শুরু করে।

প্রাথমিক ভূমিকম্পের পর এক হালনাগাদ তথ্যে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র লিন্ডসে ল্যান্টজ বলেন, ‘এখন পর্যন্ত ভবনের কাঠামোগত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো প্রাথমিক খবর পাওয়া যায়নি।’

স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে ফায়ার ডিপার্টমেন্টের প্রাথমিক জরুরি কার্যক্রম শেষ হয়। কর্মকর্তারা জানান, উল্লেখযোগ্য কোনো ভবনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। এরপর স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

পরে মেয়র কারেন বাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, দ্বিতীয় দফায় পুরো শহরজুড়ে পরিস্থিতি পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ অবকাঠামোর বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এ দিকে আফটারশকে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে ভূমিকম্পের সময় ছাদ থেকে টাইলস ও ধুলা ঝরে পড়তে দেখা যায়। বিমানবন্দরের কয়েকটি জানালার কাচ ভেঙেছে বলে জানিয়েছেন মেয়র কারেন বাস।

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, রানওয়ে ও বিমান চলাচলের এলাকা পরীক্ষা করে কোনো সমস্যা পাওয়া যায়নি। ফ্লাইট চলাচল স্বাভাবিক ছিল। কেউ আহত হননি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের পর এটিই লস অ্যাঞ্জেলেস এলাকায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ওই বছর কাছের অরেঞ্জ কাউন্টিতে ৫ দশমিক ১ মাত্রার লা হাবরা ভূমিকম্প আঘাত হেনেছিল।