যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ইতিহাসে ১৯০৬ সালের ভয়াবহ ভূমিকম্প ও অগ্নিকাণ্ড একটি স্মরণীয় ঘটনা। সেই দুর্যোগে শহরের বহু স্থাপনার সঙ্গে ধ্বংস হয়ে যায় প্রায় দুই লাখ বইসমৃদ্ধ মেকানিকস ইনস্টিটিউট লাইব্রেরির বিশাল সংগ্রহ। তবে বিস্ময়করভাবে সেই অগ্নিকাণ্ড থেকে বেঁচে যাওয়া একটি বই সম্প্রতি ১২০ বছরেরও বেশি সময় পর আবার লাইব্রেরিতে ফিরে এসেছে।
শনিবার (৩০ মে) সিএনএন জানায়, ‘ইকোজ অব দ্য ফুট-হিলস’ নামের বইটি গত ডিসেম্বরে লাইব্রেরিতে দান করেন বই-সংগ্রাহক র্যান্ডাল শোয়েড। তিনি একটি অনলাইন মার্কেটপ্লেসে মাত্র ৩৫ ডলারে বইটি খুঁজে পান। বইটির পোড়া পৃষ্ঠা ও ধোঁয়ার দাগ দেখে তিনি বুঝতে পারেন, এটি ১৯০৬ সালের দুর্যোগ থেকে বেঁচে যাওয়া বিরল একটি নিদর্শন হতে পারে। এরপর তিনি বইটি তার প্রকৃত ঠিকানায় ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
লাইব্রেরি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বইটি তাদেরই সংগ্রহের অংশ ছিল। বইয়ের ভেতরে ১৮৭৪ সালের একটি লাইব্রেরি সিল পাওয়া গেছে। তবে এত বছর পর বইটি কীভাবে উদ্ধার হলো, তা এখনো রহস্য। কেউ হয়তো দুর্যোগের আগে বইটি ধার নিয়েছিল, আবার কেউ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে নিজের কাছে রেখে দিয়েছিল—এমন নানা সম্ভাবনার কথা বলছেন গবেষক ও লাইব্রেরি কর্মকর্তারা।
বইটির প্রথম পাতায় ‘অ্যাগনেস কুইগলি’ নামটি লেখা রয়েছে। গবেষণায় জানা গেছে, ১৮৯৮ সালে এই নামে একজন নারী সান ফ্রান্সিসকোর একটি পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দিয়েছিলেন। যদিও বইটির মালিক সেই নারীই ছিলেন কি না, তার কোনো নিশ্চিত প্রমাণ নেই।
বর্তমানে বইটি আর পাঠকদের জন্য উন্মুক্ত নয়। লাইব্রেরির একটি বিশেষ প্রদর্শনী কাচের বাক্সে এটি সংরক্ষণ করা হয়েছে। একই স্থানে ১৮৫৪ সালের একটি মানচিত্র এবং ভূমিকম্প-সংক্রান্ত আরও কিছু ঐতিহাসিক নিদর্শনও রাখা হয়েছে।
১৮৫০-এর দশকে স্বর্ণখনি শ্রমিকদের শিক্ষার সুযোগ তৈরি করতে প্রতিষ্ঠিত হয়েছিল মেকানিকস ইনস্টিটিউট। ১৯০৬ সালের বিপর্যয়ে ভবনটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলেও পরবর্তীতে দান ও জনসমর্থনের মাধ্যমে প্রতিষ্ঠানটি পুনর্গঠিত হয়। কর্মকর্তাদের মতে, এই বইটির প্রত্যাবর্তন শুধু একটি হারানো সম্পদের ফিরে আসা নয়, বরং সান ফ্রান্সিসকোর পুনর্জাগরণ ও ইতিহাস সংরক্ষণের দীর্ঘ ঐতিহ্যেরও প্রতীক।