হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

অজিত দোভাল ও সাবেক র প্রধানকে তলব করল মার্কিন আদালত

আজকের পত্রিকা ডেস্ক­

অজিত দোভাল ও সামন্ত গোয়েল। ছবি: সংগৃহীত

খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে ফের সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ভারতের আদালতের মাধ্যমে তাদের কাছে এসব সমন পৌঁছে দেওয়ার জন্য পাঠানো হয়েছে। গতকাল শনিবার বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্ক্রলের খবরে বলা হয়েছে, প্রতিবেদন অনুযায়ী—গত শুক্রবার কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ফেডএক্সের মাধ্যমে সমনগুলো দিল্লির পাতিয়ালা হাউস, তিস হাজারি ও দ্বারকা জেলা আদালতে পাঠানো হয়। নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতের এক কেরানি পিটিআইকে এ তথ্য জানিয়েছেন।

পান্নুন যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিক। তিনি শিখদের জন্য স্বাধীন রাষ্ট্র খালিস্তান প্রতিষ্ঠার পক্ষে প্রচার চালান। তিনি ‘শিখস ফর জাস্টিস’ নামের একটি সংগঠনের সাধারণ আইনজীবী। ২০১৯ সালে ভারত সরকার সংগঠনটিকে নিষিদ্ধ করে। পরের বছর, অর্থাৎ ২০২০ সালে, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) অধীনে পান্নুনকে ‘ব্যক্তি সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করে ভারত।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার কথা স্বীকার করে দোষী সাব্যস্ত হন ভারতের নাগরিক নিখিল গুপ্ত। অভিযোগ অনুযায়ী, ভারত সরকারের একজন কর্মীর নির্দেশে তিনি এই হত্যার পরিকল্পনা করেছিলেন।

এর আগে গত অক্টোবরে পান্নুনের করা মামলার বিষয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে সমন পাঠায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে ওই সমন পৌঁছে দেওয়া হয়। গত ১০ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মামলাটিকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করে। একই সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘মনগড়া ও বিদ্বেষমূলক’ বলে অভিহিত করে।

সে সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, ভারতে বিচারিক নথি পাঠানোর অনুরোধ কেবল দেশটির নির্ধারিত কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে করা সম্ভব। এ ক্ষেত্রে সেই কর্তৃপক্ষ হলো ভারতের আইন ও বিচার মন্ত্রণালয়।

মামলার পটভূমি

নিজেকে হত্যার চেষ্টার অভিযোগে ক্ষতিপূরণ চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে দেওয়ানি মামলা করেছেন পান্নুন। মামলায় তিনি অভিযোগ করেছেন, অজিত দোভাল ভারতের গোয়েন্দা সংস্থাকে যুক্ত করে তাকে হত্যার ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিলেন। গত সেপ্টেম্বরে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি পান্নুনের অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রমাণহীন’ বলে অভিহিত করেন।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নিখিল গুপ্তের বিরুদ্ধে পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনে। মার্কিন অভিযোগ অনুযায়ী, ভারত সরকারের একজন কর্মকর্তার সঙ্গে মিলে তিনি এই ষড়যন্ত্র করেছিলেন। যুক্তরাষ্ট্রের আদালতের নথিতে নিখিল গুপ্তের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী ব্যক্তি হিসেবে বিকাশ যাদবের নাম উল্লেখ করা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট সময়ে বিকাশ যাদব ভারত সরকারের মন্ত্রিপরিষদ সচিবালয়ে কর্মরত ছিলেন। ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) এই সচিবালয়ের অধীনেই কাজ করে।

অভিযোগপত্রে বলা হয়েছে, বিকাশ যাদব ভারত সরকারের একজন ‘বসের’ কাছে প্রতিবেদন দিতেন। তবে যুক্তরাষ্ট্রের আদালতে দাখিল করা নথিতে ওই ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীদের হত্যার কথিত ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া তথ্য ও অভিযোগ পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছিল ভারত সরকার।