হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

হরমুজে ২০% টোল প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করবে উপসাগরীয় দেশগুলো

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

হরমুজে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ২০ শতাংশ নিরাপত্তা মাশুল বা ফি আদায়ের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার তিনি ঘোষণা দিয়েছেন, টোল আদায়ের সিদ্ধান্তটি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির মাধ্যমে সেই অর্থ পুষিয়ে নেওয়া হবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।

হরমুজ প্রণালিকে বিশ্ব বাণিজ্য ও তেলের অন্যতম প্রধান ব্যস্ততম রুট হিসেবে বিবেচনা করা হয়। গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মার্কিন সামরিক বাহিনী হরমুজে চলাচলকারী জাহাজগুলোকে সুরক্ষা বা নিরাপত্তা দেবে। বিনিময়ে জাহাজগুলো থেকে মোট পণ্যের ওপর ২০ শতাংশ হারে ফি নেওয়া হবে। তবে এই ঘোষণা দেওয়ার মাত্র এক দিন পরেই নিজের অবস্থান থেকে সম্পূর্ণ ইউ-টার্ন নিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যের নেতৃত্বের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার পর আমি যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ ফি আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। এর পরিবর্তে বিভিন্ন উপসাগরীয় দেশ যুক্তরাষ্ট্রে বাণিজ্য ও বিনিয়োগ করবে, তা দিয়েই এই খরচ মিটে যাবে।’

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘উপসাগরীয় দেশগুলোর সঙ্গে এই নতুন বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে বিলিয়ন বিলিয়ন ডলারের পুঁজি আসবে। তা দিয়ে বড় বড় নতুন কারখানা ও শিল্প প্রকল্প গড়ে উঠবে। সেই সঙ্গে আমেরিকার সাধারণ মানুষের জন্য লাখ লাখ নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে।’

ধারণা করা হচ্ছে, হরমুজ প্রণালির মতো একটি আন্তর্জাতিক জলসীমায় একতরফা টোল আদায়ের মার্কিন প্রস্তাব নিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ মিত্র দেশগুলোর তীব্র আপত্তির মুখেই ট্রাম্প প্রশাসন পিছু হটতে বাধ্য হয়েছে।

তবে টোল আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসলেও ইরানের ওপর চাপ বজায় রেখেছে ওয়াশিংটন। একই পোস্টে ট্রাম্প ইরানের সঙ্গে জড়িত সব জাহাজের ওপর নৌ-অবরোধ বা ব্লকেডের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, এই নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধ কেবল ইরানি বন্দরগামী বা সেখান থেকে ছেড়ে আসা এবং ইরানের পণ্য বহনকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপরই কার্যকর হবে।

এর পাশাপাশি মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক তৎপরতার প্রশংসা করে ট্রাম্প দাবি করেন, ইরানের হুমকি সত্ত্বেও মার্কিন নৌবাহিনীর বীরত্বপূর্ণ ভূমিকার কারণে হরমুজ প্রণালি এখন অন্যান্য দেশের সাধারণ নৌ-চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ও নিরাপদ রয়েছে। এই সফল অভিযানের জন্য তিনি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, চিফ অব স্টাফ জেনারেল ড্যান কেইন এবং সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে গত কয়েক দিন ধরে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে ব্যাপক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দাম নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

আদালত অবৈধ ঘোষণার পর শুল্কের ৮১ বিলিয়ন ডলার ফেরত দিল ট্রাম্প প্রশাসন

ফের ‘যুদ্ধ শুরুর’ ঘোষণা দিয়ে ট্রাম্প বললেন, চুক্তি এখনো ‘সম্ভব’

হরমুজের নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, পণ্য পরিবহনে ২০ শতাংশ ফি চান ট্রাম্প

হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হতে চান ট্রাম্প, নিরাপত্তার জন্য নেবেন ফি

মেক্সিকোর ‘ফেন্টানিল সম্রাট’ বনে যান এক চীনা স্নাতক

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

যুক্তরাষ্ট্রে গুগলের ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ারকে গুলি করে হত্যা করলেন স্বামী

টরন্টোতে লাতিন উৎসবে বন্দুক হামলা, নিহত অন্তত ২

আলবেনিয়ার দ্বীপে বিলাসবহুল রিসোর্ট তৈরির স্বপ্ন ট্রাম্পকন্যা ইভাঙ্কার, কী আছে সেখানে

অতি উদারপন্থা ঠেকাতে বিশ্ববিদ্যালয়ে ৩০ লাখ ডলারে খোলা হলো বিভাগ, শিক্ষার্থী মিলল একজন