হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

১৯৯৬ সালে বিশ্বখ্যাত র‍্যাপার টুপাক হত্যায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

আজকের পত্রিকা ডেস্ক­

১৯৯৬ সালে তোলা র‍্যাপার টুপাকের এই ছবিটি আদালতে প্রদর্শন করা হয়। ছবি: বিবিসি

প্রায় ৩০ বছর ধরে রহস্য আর নানা ষড়যন্ত্রতত্ত্বে ঘেরা আলোচিত র‍্যাপ তারকা টুপাক শাকুর হত্যাকাণ্ডে অবশেষে প্রথমবারের মতো একজন দোষী সাব্যস্ত হয়েছেন। সাবেক গ্যাং নেতা ডুয়েন ‘কেফি ডি’ ডেভিসকে এই হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের একটি আদালতের জুরি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দেওয়া রায়ে ৬৩ বছর বয়সী ডেভিসকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যার একটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। ১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর লাস ভেগাসে গাড়ি থেকে গুলি চালিয়ে টুপাককে হত্যা করা হয়েছিল।

রায় ঘোষণার সময় কালো স্যুট পরা ডেভিসকে নির্বিকার দেখাচ্ছিল। পরে তিনি জানান, রায়ের বিরুদ্ধে আপিল করবেন। আগামী ১৩ অক্টোবর তাঁর সাজা ঘোষণা করা হবে।

মামলার শুনানিতে ২০০৮ সালে পুলিশের সঙ্গে ডেভিসের একটি গোপন সাক্ষাৎকারের রেকর্ডিং আদালতে উপস্থাপন করা হয়। সেখানে তিনি স্বীকার করেছিলেন—যে গাড়ি থেকে টুপাককে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, তিনি সেই গাড়িতে ছিলেন। তবে গুলি চালানোর কথা অস্বীকার করেন তিনি।

দোষী সাব্যস্ত ডুয়েন ডেভিস। ছবি: টাইম

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, ডেভিস নিজে গুলি না চালালেও হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন এবং তাঁর ভাগনে অরল্যান্ডো অ্যান্ডারসনকে অস্ত্র সরবরাহ করেছিলেন। অ্যান্ডারসনই টুপাককে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন বলে অভিযোগ। তবে ১৯৯৮ সালে অন্য একটি বন্দুক হামলায় নিহত হওয়ার আগে টুপাক হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করেছিলেন অ্যান্ডারসন।

প্রসিকিউটরদের দাবি, হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা আগে লাস ভেগাসে টুপাক ও তাঁর সহযোগীদের সঙ্গে অ্যান্ডারসনের মারামারি হয়েছিল। সেই ঘটনার প্রতিশোধ নিতেই হত্যার পরিকল্পনা করা হয়।

টুপাকের হত্যাকাণ্ড ঘটেছিল মার্কিন হিপ-হপ অঙ্গনের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের শিল্পীদের তীব্র প্রতিদ্বন্দ্বিতার সময়ে। একই সঙ্গে ব্লাডস ও ক্রিপস গ্যাংয়ের বিরোধও তখন হিপ-হপ সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে ছিল।

হত্যার সময় টুপাকের বয়স ছিল মাত্র ২৫ বছর। ক্যারিয়ারের শীর্ষে থাকা এই শিল্পী পরবর্তী সময়ে বিশ্বের অন্যতম প্রভাবশালী র‍্যাপার হিসেবে স্বীকৃতি পান। বিশ্বজুড়ে তাঁর রেকর্ড বিক্রি হয়েছে ৭ কোটি ৫০ লাখের বেশি।

মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল ডেভিসের নিজের বক্তব্য। বিভিন্ন সাক্ষাৎকার, তথ্যচিত্র, পডকাস্ট এবং ২০১৯ সালের স্মৃতিকথায় তিনি হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা প্রকাশ্যে বলেছিলেন।

তবে ডেভিসের আইনজীবী মাইকেল সানফট দাবি করেন, বই বিক্রি ও প্রচারের স্বার্থে তাঁর মক্কেল গল্পকে অতিরঞ্জিত করেছিলেন। তিনি জুরিদের বলেন, ডেভিসকে বিশ্বাস না করতে। কিন্তু মাত্র কয়েক ঘণ্টা জেরার পরই জুরি তাঁকে দোষী সাব্যস্ত করেন।

রায় ঘোষণার পর আদালতে টুপাকের স্বজনদের অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। কেউ কেউ একে অপরকে জড়িয়ে ধরেন। আদালতের বাইরে উপস্থিত টুপাকের ভক্তরাও কান্না ও উচ্ছ্বাস প্রকাশ করেন।