যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে ইরান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করে মার্কিন বাহিনীর ওপর হামলা চালিয়েছে বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে কয়েকটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্টারলিংকের দুটি অননুমোদিত ব্যবহারের খোঁজ পেয়ে ক্ষুব্ধ হন স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।
তাঁর প্রতিষ্ঠানের একটি দল ধারণা করছে, এর সঙ্গে মার্কিন সেনাদের বিরুদ্ধে ইরানের তৎপরতার সম্পর্ক রয়েছে। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আলোচনায় জড়িত এমন দুজন ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, সামরিক কাজে ব্যবহারের জন্য তৈরি স্টারলিংকের সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করে মার্কিন সামরিক বাহিনী একমুখী ড্রোন পরিচালনা করেছে বলে মাস্ককে জানানো হয়। তবে এর জন্য স্থলভিত্তিক অভিযানে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি তুলনামূলক ‘সস্তা’ একটি প্যাকেজ নেওয়া হয়েছিল। বিষয়টি সম্পর্কে জানেন, এমন একজন ব্যক্তি ওয়াশিংটন পোস্টকে এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে স্পেসএক্স ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ইরানের সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে একটি গোপন প্রতিবেদন দেওয়া হয়েছিল। তবে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বলেছে, ‘প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরের কাছে এ বিষয়ে কোনো প্রতিবেদন রয়েছে বলে তারা অবগত নয়।’
ইউক্রেন ও ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে ভূরাজনৈতিক সংঘাতপূর্ণ অঞ্চলে স্টারলিংকের ব্যবহার, মার্কিন সরকারের মাধ্যমে এই সেবার নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার আওতায় থাকা বিভিন্ন পক্ষের অবৈধ ব্যবহার নিয়ে উদ্বেগ ও নজরদারি বেড়েছে।
উল্লেখ্য, ইরানে স্টারলিংক পরিচালনার অনুমোদন নেই। তবে এর আগে ইলন মাস্ক বলেছেন, দেশটিতে এ সেবা চালু রয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে বিভিন্ন সময় সাধারণ মানুষের ইন্টারনেট ব্যবহারের সুযোগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। গত জানুয়ারিতে দেশজুড়ে প্রাণঘাতী বিক্ষোভের সময় এমনটি করা হয়। এরপর যুক্তরাষ্ট্র সরকার গোপনে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল ইরানে পাঠায়।
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত শুরু করার পর থেকে দেশটিতে ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান সরকার।