হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

প্রথমবারের মতো ইসরায়েলকে পূর্ণাঙ্গ স্বীকৃতি দিতে প্রস্তুত আরব বিশ্ব: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে পূর্ণাঙ্গ স্বীকৃতি দিতে পুরোপুরি প্রস্তুত সৌদি আরবসহ আরব বিশ্বের অন্যান্য দেশগুলো। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নির্বাচনী তহবিল সংগ্রহের এক সভায় তিনি এই মন্তব্য করেছেন। 

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, বাইডেনের এই তহবিল সংগ্রহ ক্যাম্পেইনে ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত সাবেক দুই প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটন উপস্থিত ছিলেন। এ ক্যাম্পেইন থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত বন্ধে দুই রাষ্ট্র সমাধানের কথাও বলেছেন বাইডেন। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমি এখনই বিস্তারিত বলতে চাইছি না। তবে আপনারা দেখুন, সৌদি আরব, কাতার, জর্ডানসহ আমরা অন্য আরব দেশগুলোর সঙ্গে কাজ করছি। তারা ইসরায়েলকে পূর্ণাঙ্গ স্বীকৃতি দিতে প্রস্তুত। প্রথমবারের মতো এই প্রস্তুতি নিয়েছে তারা।’ 

বাইডেন এমন এক সময়ে এ কথা বললেন, যখন ইসরায়েল নির্বিচারে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় সাড়ে ৩২ হাজারের বেশি মানুষ নিহত ও ৭৬ হাজার মানুষ আহত হয়েছে। এ ছাড়া কিছুদিন আগেই সৌদি আরব জানিয়েছিল, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে এবং ১৯৬৭ সালের সীমান্ত অনুসারে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব। 

অনুষ্ঠানটি হয় নিউইয়র্কের বিখ্যাত রেডিও সিটি মিউজিক হলে। অনুষ্ঠানে কয়েক হাজার অতিথি উপস্থিত ছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বিশাল মিলনায়তনে হাজির অতিথিদের মধ্য থেকে কারও কারও প্রতিবাদের কারণে বাধার মুখে পড়েন বাইডেন। আলোচনার বিভিন্ন মুহূর্তে তাঁরা চিৎকার করে গাজায় ইসরায়েলি অভিযানে বাইডেনের সমর্থন দেওয়ার প্রতিবাদ জানান। অনুষ্ঠানে বিক্ষোভকারীদের একজন বলে ওঠেন, ‘জো বাইডেন, আপনার লজ্জা হওয়া উচিত।’ 

এ সময় বারাক ওবামা বাইডেনের পক্ষ সমর্থন করে বলেন, ইসরায়েল ইস্যুতে বাইডেনের ‘নৈতিক স্বচ্ছতা’ রয়েছে এবং এ নিয়ে বিতর্কে তিনি সব পক্ষের কথা শুনতে ও একটি সাধারণ অবস্থান খুঁজে পেতে আগ্রহী। 

আরেক সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাঁর বক্তব্যে বলেন, ‘বাইডেনের অর্থনৈতিক অর্জন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের অর্জনকে ছাপিয়ে গেছে। আমি বিশ্বাস করি, তিনি যুক্তরাষ্ট্রের জন্য ভালো কিছু করছেন এবং আরেক মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি।’

সময় ফুরিয়ে আসছে, কিছুই অবশিষ্ট থাকবে না—ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে মেক্সিকোতেও ছড়িয়ে পড়েছে হাম

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

যে কারণে উড়োজাহাজে ওঠার আগে চীনা সবকিছু ফেলে দিতে হলো ট্রাম্পের প্রতিনিধিদের

মার্কিন রোষানলে রাউল কাস্ত্রো

চীন ছেড়েই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণার বিরুদ্ধে সতর্ক করলেন ট্রাম্প

ইরানের সঙ্গে হাত মিলিয়েছেন মার্কিন নারী গুপ্তচর, খোঁজ চেয়ে পুরস্কার ঘোষণা এফবিআইয়ের

আদানির বিরুদ্ধে মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র, নেপথ্যে ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

ইরানে ধ্বংসযজ্ঞ চলতে থাকবে, আর বেশি ধৈর্য রাখতে পারব না: ট্রাম্প

ফিলিস্তিনি বন্দীদের ধর্ষণ নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করবে ইসরায়েল