হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে নিরাপত্তাচৌকিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১

আজকের পত্রিকা ডেস্ক­

হামলায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: এএফপি

পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি যৌথ নিরাপত্তাচৌকিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। দেশটির পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ডেরা ইসমাইল খানের পুলিশ কর্মকর্তা সাইফুল্লাহ খান এএফপিকে জানান, আজ শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা চালানো হয়। নিরাপত্তাচৌকিটি পুলিশ, সামরিক বাহিনী ও কাস্টমস কর্মীরা যৌথভাবে পরিচালনা করছিলেন।

সাইফুল্লাহ খান এএফপিকে বলেন, ‘একজন সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে চেকপোস্টে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই ১১ জন প্রাণ হারান।’

উদ্ধারকারী সংস্থা ১১২২-এর কর্মকর্তা বিলাল ফৌজি এএফপিকে জানান, হামলার পর ঘটনাস্থল থেকে ১১টি লাশ উদ্ধার করা হয়েছে। আরও ১৮ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

এর আগে চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশের শহর কোহাটের একটি পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলা ও বন্দুকযুদ্ধে ১৬ জন পুলিশ সদস্যসহ ৩১ জন নিহত হয়েছিলেন।

খাইবার পাখতুনখাওয়া এবং দক্ষিণাঞ্চলীয় সীমান্ত প্রদেশ বেলুচিস্তানে ধারাবাহিক জঙ্গি ও সহিংস হামলার পেছনে আফগানিস্তান থেকে পরিচালিত সশস্ত্র তৎপরতাকে দায়ী করে আসছে পাকিস্তান। তবে আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার তাদের ভূখণ্ড থেকে এ ধরনের কার্যকলাপের যোগসূত্র থাকার বিষয়টি অস্বীকার করেছে।

এই পাল্টাপাল্টি অভিযোগের কারণে প্রতিবেশী দুই দেশের মধ্যে তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে এবং তা সশস্ত্র সংঘাত পর্যন্ত গড়িয়েছে। এর জবাবে পাকিস্তান আফগান ভূখণ্ডে কথিত জঙ্গি আস্তানা লক্ষ্য করে বেশ কয়েকবার প্রাণঘাতী বিমান হামলাও চালিয়েছে।