হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে টিকটক তারকাকে গুলি করে হত্যা, গুরুতর আহত ছোট বোন

আজকের পত্রিকা ডেস্ক­

শামসু বিবি। ছবি: সংগৃহীত

পাকিস্তানের ট্যাক্সিলায় গাড়িতে গুলি চালিয়ে শামসু বিবি নামে এক টিকটক তারকাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে তাঁর ১৫ বছর বয়সী বোন আসিমা। মোটরসাইকেলে থাকা অজ্ঞাত দুই বন্দুকধারী তাঁদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শামসু বিবি ‘আয়েশা গিলামানা’ নামেও পরিচিত ছিলেন। তাঁর বাবা ফজল সাহিবজাদা পুলিশের কাছে করা অভিযোগে জানান, ঘটনার আগে ‘কাশিফ ওরফে কাশি’ নামে এক ব্যক্তি তাঁর মেয়েকে ফোন করে দ্রুত বাড়ির বাইরে আসতে বলেন। পরে শামসু, তাঁর বোন আসিমা ও ভাই নাইমাতুল্লাহ গাড়িতে করে বের হন।

নাইমাতুল্লাহ পরিবারের সদস্যদের জানান, একটি পেট্রল পাম্পের কাছে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাঁদের গাড়িতে গুলি চালায়। একটি গুলি শামসুর ঘাড়ে লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুলিবর্ষণের পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে আসিমা গুরুতর আহত হন। পরে শামসুর মরদেহ টিএইচকিউ হাসপাতাল ট্যাক্সিলার মর্গে শনাক্ত করেন তাঁর বাবা।

ফজল সাহিবজাদা জানান, তাঁর মেয়ে প্রায় তিন থেকে চার বছর ধরে টিকটকে ভিডিও তৈরি করছিলেন এবং তাঁর প্রায় ১৩ লাখ অনুসারী ছিল। মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে তাঁর টিকটক অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবারের অভিযোগ, শামসুর সঙ্গে কওসার ও জাভেদ ওরফে শাহিন নামে দুই ব্যক্তির আর্থিক লেনদেন ছিল। টাকা ফেরত দেওয়ার দাবিতে তাঁরা শামসুকে হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে তিনি ইসলামাবাদে একটি অভিযোগও করেছিলেন।

শামসুর বাবা সন্দেহ করছেন, ওই দুই ব্যক্তি নিজেরা অথবা অন্যদের মাধ্যমে তাঁর মেয়েকে হত্যা করিয়ে থাকতে পারেন। এ ঘটনায় কাশিফের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।