হোম > বিশ্ব > পাকিস্তান

ইউরোপীয় রাজকন্যার সঙ্গে বিলাওয়াল ভুট্টোর বিয়ের গুঞ্জন

আজকের পত্রিকা ডেস্ক­

বিলাওয়াল ভুট্টো ও রাজকন্যা গ্লোরিয়া ভন হ্যাবসবার্গ। ছবি: এনডিটিভি

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ইউরোপের একটি রাজপরিবারে বিয়ে করতে যাচ্ছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এই খবরকে ‘ভুল ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে পিপিপি।

গতকাল শনিবার (২৯ আগস্ট) রাতে করাচির মেয়র ও পিপিপি নেতা মুর্তজা ওয়াহাব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিলাওয়ালের বাগদান ও বিয়ের খবরকে ভিত্তিহীন বলে জানান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র লিচটেনস্টাইনে গেছেন ছেলের বিয়ের বিষয়ে আলোচনা ও বিয়ের তারিখ চূড়ান্ত করতে। লিচটেনস্টাইন সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মধ্যবর্তী একটি সার্বভৌম রাষ্ট্র।

গুঞ্জনের একপর্যায়ে দাবি করা হয়, বিলাওয়ালের সম্ভাব্য কনে ২৬ বছর বয়সী সাবেক অস্ট্রিয়ান আর্চডাচেস গ্লোরিয়া ভন হ্যাবসবার্গ। গ্লোরিয়া অস্ট্রিয়ার আর্চডিউক কার্ল ও ফ্রান্সেস্কা ভন থাইসেন-বর্নেমিসার মেয়ে এবং হ্যাবসবার্গ-লোরেন রাজবংশের সদস্য। তিনি অস্ট্রিয়ার শেষ সম্রাট ও হাঙ্গেরির রাজা কার্ল প্রথমের প্রপৌত্রীদের পরবর্তী প্রজন্মের বংশধর।

পাকিস্তানের উর্দু দৈনিক ডেইলি আওসাফও অজ্ঞাত সূত্রের বরাতে বিলাওয়ালের বিয়ের প্রস্তুতি চলছে বলে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে প্রেসিডেন্ট জারদারি ব্যক্তিগত সফরে ইউরোপে অবস্থান করছেন। পরে প্রতিবেদনটি মুছে ফেলা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয় এক্সে জানায়, জারদারি ‘ব্যক্তিগত সফরে বিদেশে গেছেন’। তবে সফরের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে বিলাওয়াল বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত বিয়ের গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পিপিপির পক্ষ থেকে দেওয়া অস্বীকৃতির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব দাবির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।