পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার স্পান্টিক শৃঙ্গ থেকে যুক্তরাজ্যভিত্তিক স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আসমা মুশতাকের মরদেহ উদ্ধারের অভিযান প্রতিকূল আবহাওয়ার কারণে বাধাগ্রস্ত হয়েছে।
পাকিস্তানের আলপাইন ক্লাব জানিয়েছে, ৩৪ বছর বয়সী আসমা মুশতাক সফলভাবে ৭ হাজার ২৭ মিটার উঁচু স্পান্টিক শৃঙ্গের চূড়ায় পৌঁছেছিলেন। তবে গত বৃহস্পতিবার নিচে নামার সময় উচ্চতাজনিত অসুস্থতায় তিনি মারা যান।
ক্যাম্প-৩ থেকে আসমার মরদেহ বেজক্যাম্পে নামিয়ে আনার জন্য উদ্ধার অভিযান শুরু করা হলেও ভারী তুষারপাত ও তীব্র বাতাসের কারণে উদ্ধারকারীদের ফিরে যেতে হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, উদ্ধারকারীরা প্রায় ক্যাম্প-৩ পর্যন্ত পৌঁছে গেলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তাঁদের ক্যাম্প-২-এ ফিরে আসতে হয়।
তারার জানান, মরদেহ উদ্ধারে একটি হেলিকপ্টার ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে যা যা সম্ভব, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। বিকল্প ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে। অভিযানের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে নিয়মিত অবহিত করা হচ্ছে বলেও জানান তিনি।
লাহোরের বাসিন্দা আসমা মুশতাক যুক্তরাজ্যে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। আলপাইন ক্লাবের ভাষ্য অনুযায়ী, তিনি সুস্থ অবস্থায় চূড়ায় পৌঁছালেও প্রায় ৬ হাজার ৪০০ মিটার উচ্চতায় নিচে নামার সময় গুরুতর উচ্চতাজনিত অসুস্থতা ও চিকিৎসা-সংকটে পড়েন।
আসমা মুশতাক নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পর্বতারোহণের অভিজ্ঞতা শেয়ার করতেন। এর আগে তিনি পাকিস্তানের ৪ হাজার ৮০ মিটার উঁচু মুসা কা মুসাল্লাহসহ বিভিন্ন দুর্গম শৃঙ্গে অভিযান চালিয়েছেন।
চলতি মাসে পাকিস্তানে এটি দ্বিতীয় আলোচিত মরদেহ উদ্ধার অভিযান। এর আগে ব্রড পিকে তুষারধসে নিহত ১০ পর্বতারোহীর মরদেহ উদ্ধারে প্রায় ছয় দিন সময় লেগেছিল।