হোম > বিশ্ব > পাকিস্তান

শান্তি আলোচনায় ইরান আসবে কি না—অনিশ্চয়তায় পাকিস্তান

আজকের পত্রিকা ডেস্ক­

দ্বিতীয় দফার আলোচনার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র-ইরান সংকট নিরসনে পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় তেহরান অংশ নেবে কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত কোনো নিশ্চিত বার্তা পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইরানকে আলোচনায় রাজি করাতে পাকিস্তান ‘আন্তরিক প্রচেষ্টা’ চালিয়ে যাচ্ছে। তবে তেহরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সাড়া মেলেনি।

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ‘ইসলামাবাদ শান্তি আলোচনায় প্রতিনিধিদল পাঠানোর বিষয়ে ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য আমরা এখনো অপেক্ষায় আছি।’ তিনি আরও বলেন, পাকিস্তান নিয়মিতভাবে ইরানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে এবং কূটনীতি ও সংলাপের পথ অনুসরণের চেষ্টা করছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রীর দেওয়া তথ্যমতে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ পাকিস্তানের সময় অনুযায়ী আগামীকাল বুধবার ভোর ৪টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা ৫০ মিনিট) শেষ হবে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল জানিয়েছিলেন, এই যুদ্ধবিরতি ওয়াশিংটন সময় অনুযায়ী বুধবার সন্ধ্যায় শেষ হচ্ছে। এই সময়বিভ্রাটের মধ্যেই সংঘাত এড়াতে যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ইরানের সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন তারার।

এদিকে আজ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষকেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য কূটনীতি ও সংলাপকে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কার্যালয় থেকেও একই ধরনের আহ্বান জানানো হয়েছিল।

ইরানের পক্ষ থেকে আসা বার্তাগুলো এখনো ধোঁয়াশায় ঘেরা। গতকাল ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছিলেন, দ্বিতীয় দফার আলোচনার জন্য তাঁদের এই মুহূর্তে ‘কোনো পরিকল্পনা নেই’। যদিও এর আগে ইরানি সূত্রগুলো সিএনএনকে জানিয়েছিল, তেহরানের একটি প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে।

অন্যদিকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আজই পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে। যদিও সর্বশেষ খবর অনুযায়ী তিনি এখনো ওয়াশিংটনে অবস্থান করছেন এবং ঠিক কখন রওনা দেবেন, তা এখনো স্পষ্ট নয়।

ইসলামাবাদ পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরানের অগ্রবর্তী দল

সুদানে পাকিস্তানের ১.৫ বিলিয়ন ডলারের যুদ্ধবিমান বিক্রি আটকে দিল সৌদি

আগামীকাল পাকিস্তান আসছে ইরানি প্রতিনিধিদল: আনাদোলুর প্রতিবেদন

ভেন্যু প্রস্তুত, অপেক্ষায় ইসলামাবাদ, তবে অতিথি অনিশ্চিত

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক হতে পারে এ সপ্তাহেই: পাকিস্তানি সূত্র

যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা আলোচনার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি: পাকিস্তান

সৌদি, কাতার ও তুরস্ক সফরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, উদ্দেশ্য কী

ফের বৈঠকে সম্মত ইরান ও যুক্তরাষ্ট্র—দাবি পাকিস্তানি জ্যেষ্ঠ সাংবাদিকের

দুর্দিনে পাকিস্তানের পাশে সৌদি-কাতার, দিচ্ছে ৫ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা

চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ ইসলামাবাদ আলোচনা, ফিরে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল