হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে বসে মার্কিন ডাক বিভাগের ১২৬ মিলিয়ন ডলারের ক্ষতি, গ্রেপ্তার অভিযুক্ত

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: দি ইনডিপেনডেন্ট

পাকিস্তানে বসে অনলাইনে ডাকমাশুলের জাল লেবেল বিক্রি করে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের (ইউএসপিএস) ১২ কোটি ৬০ লাখ ডলারের বেশি ক্ষতি করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পাকিস্তানের সাইবার অপরাধ তদন্তকারী সংস্থা জানিয়েছে, ইউএসপিএসকে বিপুল আর্থিক ক্ষতির মুখে ফেলার অভিযোগে ফাহিম আকরাম নামের ৩৩ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির (এনসিসিআইএ) জ্যেষ্ঠ কর্মকর্তা আতিফ আমির গত মঙ্গলবার (২০ অক্টোবর) সাংবাদিকদের জানান, কয়েক সপ্তাহ ধরে অনুসন্ধান চালানোর পর আকরামকে আটক করা হয়। এ সময় পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে একাধিক অভিযান চালানো হয়।

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের খানেওয়াল এলাকার বাসিন্দা আকরামের বিরুদ্ধে গত ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের একটি ফেডারেল গ্র্যান্ড জুরি অভিযোগ গঠন করে বলে জানিয়েছে মার্কিন অ্যাটর্নি কার্যালয়।

মার্কিন কৌঁসুলিদের অভিযোগ, আকরাম ‘লেবেলস ব্যাংক’ নামে একটি অননুমোদিত অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করতেন। ওই ওয়েবসাইটের মাধ্যমে ৫ হাজার ২০০-এর বেশি গ্রাহকের কাছে ৫১ লাখের বেশি জাল ডাকমাশুলের লেবেল বিক্রি করা হয়। প্রতিটি লেবেলের দাম ছিল সাধারণত দুই ডলার। পার্সেলের ওজন, আকার কিংবা গন্তব্য—কোনোটির ভিত্তিতেই এই দামের পরিবর্তন হতো না।

এসব জাল লেবেল ব্যবহার করে গ্রাহকেরা সরকারি নির্ধারিত ডাকমাশুলের তুলনায় অনেক কম খরচে পার্সেল পাঠাতে পারতেন। এর ফলে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ ডাকমাশুল থেকে বিপুল রাজস্ব হারায় এবং পার্সেল পরিবহনের ব্যয় বহন করতে গিয়ে আর্থিক ক্ষতির শিকার হয়।

মার্কিন প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, ১২ কোটি ৬০ লাখ ডলারের বেশি ক্ষতির যে হিসাব দেওয়া হয়েছে, তা ওয়েবসাইটটির সরাসরি বিক্রয়লব্ধ অর্থ নয়; বরং জাল ডাকমাশুল ব্যবস্থার কারণে ডাক বিভাগের আনুমানিক ক্ষতির পরিমাণ।

পাকিস্তানি সাইবার অপরাধ তদন্তকারী সংস্থার কর্মকর্তা আতিফ আমির জানান, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। এ কাজে আকরাম নিজের নামে এবং তাঁর স্ত্রী, ভাই, বোন ও খালার নামে নিবন্ধিত ১৬টি ব্যাংক হিসাব ব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে।

তবে আকরামের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, তা এখনো অনিশ্চিত। পাকিস্তানেই তাঁর বিচার হবে, নাকি তাঁকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করা হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পাকিস্তানে চাকরিরত অবস্থায়ই আমলাদের দেশ ছাড়ার হিড়িক

পাকিস্তানের স্কুলে নিহতের সংখ্যা বেড়ে ৩৪—নিরাপত্তা নিয়ে প্রশ্ন

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থীসহ নারী শিক্ষক নিহত, আহত ১৯

ইমরানের দলের নিয়ন্ত্রণে থাকা একমাত্র প্রদেশে জরুরি অবস্থা জারি পাকিস্তান সরকারের

সৌদি আরবে সেনা মোতায়েনের কথা নিশ্চিত করল পাকিস্তান

মাত্র ৫০ মিটার উঁচুতে উড়তে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

মুখোমুখি ইমরান-সরকার: পিটিআইয়ের একমাত্র প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারির পাঁয়তারা

৮ অক্টোবর ইতিহাসে ‘সবচেয়ে বড় সমাবেশ’ ও ‘টি–২০’, উত্তপ্ত পাকিস্তান

রওনা দিয়েছেন ইমরান খানের সমর্থকেরা—লক্ষ্য ইসলামাবাদ

যাকে কাশ্মীরে হত্যার দাবি করেছিল ভারত, তাঁকেই মিডিয়ার সামনে হাজির করল পাকিস্তান