সরকারে একটি গুরুত্বপূর্ণ পদের বিনিময়ে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটকে দেওয়া ওই প্রস্তাব অনুযায়ী, নতুন সরকারে একটি গুরুত্বপূর্ণ পদে থেকে নেতানিয়াহু পরে আবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাবেন। তবে সরকার গঠনের শুরুতে প্রধানমন্ত্রী হবেন আইজেনকট।
ইসরায়েলের রাজনৈতিক অচলাবস্থার মধ্যে নেতানিয়াহুর এই প্রস্তাবকে তাঁর ক্ষমতা হারানোর স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল শনিবার গাদি আইজেনকটকে এই প্রস্তাব দেন নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, স্বাভাবিকভাবে তাঁরই জাতীয় ঐক্য সরকার পরিচালনা করা উচিত, অন্তত ক্ষমতা ভাগাভাগির পালাক্রমে প্রথমে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার কথা। কিন্তু দেশের অস্তিত্বের জন্য গুরুতর হুমকি এবং তা মোকাবিলায় অক্ষম সরকার গঠনের আশঙ্কার কথা বিবেচনা করে তিনি নিজের অবস্থান থেকে সরে আসতে রাজি হয়েছেন।
নেতানিয়াহু বলেন, ‘একজন নেতা হিসেবে আমার দায়িত্ব হলো সবকিছু পাশে সরিয়ে রেখে এই প্রস্তাবে সম্মত হওয়া যে, গাদি আইজেনকট মেয়াদের শুরুতে প্রধানমন্ত্রী হবেন, আর আমি উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করব।’
নেতানিয়াহুর প্রস্তাবের জবাবে আইজেনকট জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তবে নেতানিয়াহুকে বাদ দিয়ে বিকল্প সরকার গঠনের পথও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আইজেনকট বলেন, গত সপ্তাহে তিনি গোপন চ্যানেলের মাধ্যমে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির কাছে একটি বিস্তারিত প্রস্তাব পাঠিয়েছিলেন। কিন্তু কোনো জবাব পাননি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলোচনার চেষ্টা প্রত্যাখ্যান ও এড়িয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
নেতানিয়াহুর প্রস্তাবের আগে আইজেনকটের মিত্ররা তাঁকে নতুন প্রধানমন্ত্রী করার প্রস্তুতি নিচ্ছিলেন। এক মাস আগে অনুষ্ঠিত ইসরায়েলের সাধারণ নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর থেকে নেতানিয়াহুকে সরিয়ে বিকল্প জোট গঠনের আলোচনা চলছিল। সম্প্রতি বিরোধী দলগুলোর মধ্যে কয়েকটি আনুষ্ঠানিক সমঝোতাও হয়েছে। তবে এখনো কোনো জোট সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
নেতানিয়াহু ইতিমধ্যে তাঁর প্রস্তাবকে আরব দলগুলোর ক্ষমতায় আসা ঠেকানোর উদ্যোগ হিসেবে তুলে ধরেছেন। তবে বিরোধী দলের নেতারা আইজেনকটকে নেতানিয়াহুর প্রস্তাব গ্রহণ না করার বিষয়ে সতর্ক করেছেন।
বিরোধী জোটের অন্যতম বড় দল বিয়াচাদের নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহুর প্রস্তাবকে ‘স্পষ্ট প্রতারণা’ বলে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, নেতানিয়াহু ধারাবাহিকভাবে প্রতারণা করেছেন, সব অংশীদারকে ঠকিয়েছেন এবং প্রতিটি চুক্তি ভেঙেছেন।
বিরোধী নেতাদের আশঙ্কা, নেতানিয়াহু আসলে ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে আন্তরিক নন। বরং আলোচনার প্রস্তাব দিয়ে আইজেনকটের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।
ধর্মনিরপেক্ষ ডানপন্থী দল ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যান নেতানিয়াহুর কট্টর বিরোধী। নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর পক্ষে থাকা লিবারম্যান ইতিমধ্যে বিকল্প জোটের সঙ্গে চুক্তি করেছেন। তিনি প্রতিরক্ষা ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে মধ্য-বামপন্থী ডেমোক্র্যাট দলের নেতা এবং সাবেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ইয়ার গোলান জাতীয় নিরাপত্তামন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। তাঁর দল ফিলিস্তিনিদের অধিকার সমর্থনকারী একমাত্র ইহুদি দল হিসেবে পরিচিত। তাঁর নিয়োগ পশ্চিম তীরে উল্লেখযোগ্য পরিবর্তনের সুযোগ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।
২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকা ডানপন্থী নেতা নাফতালি বেনেটও বিকল্প জোটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। তাঁর অর্থমন্ত্রী হওয়ার কথা রয়েছে। তবে নেতানিয়াহুর সঙ্গে জোটে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ইসরায়েলের চারটি ইহুদি-নেতৃত্বাধীন বিরোধী দলের হাতে মোট ৪৮টি আসন রয়েছে। নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৬১টি আসন। ফলে সরকার গঠনের জন্য তাদের আরও কয়েকটি দলের সমর্থন প্রয়োজন।
এ ক্ষেত্রে আরব-ইসরায়েলি দল রা’আমের সমর্থন গুরুত্বপূর্ণ হতে পারে। দলটির আসনসংখ্যা আট। এ ছাড়া অতি-রক্ষণশীল ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের রয়েছে সাতটি আসন। দলটি আগে নেতানিয়াহুর জোটকে সমর্থন দিয়েছিল।
এই দলগুলো সরাসরি নতুন জোটে যোগ না দিলেও বাইরে থেকে সংখ্যালঘু সরকারকে সমর্থন দিতে পারে। সে ক্ষেত্রে সরকার গঠনের পথ সহজ হতে পারে।
এদিকে অচলাবস্থা কাটাতে আজ রোববার স্থানীয় সময় সকালে দুই নেতার বৈঠক হওয়ার কথা। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, নেতানিয়াহু–আইজেনকটের দুই ঘণ্টার বৈঠক হয়েছে। তবে বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে তা এখনো জানা যায়নি।