হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, সেন্টকম বলছে মিথ্যা

আজকের পত্রিকা ডেস্ক­

ইউএস এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরের আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে বিমানটি ওই অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে জরুরি অবতরণে বাধ্য হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। তবে ইরানের এই দাবিকে সম্পূর্ণ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। এরপর আজ শনিবার ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় পারস্য উপসাগরের আকাশে উড়ন্ত একটি মার্কিন এফ-১৬ ফাইটার জেটকে শনাক্ত হয়।

ইরানের এয়ার ডিফেন্স ফোর্স বিমানটিকে ট্র্যাক করার পর সেটিকে লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ওই ক্ষেপণাস্ত্রটি যুদ্ধবিমানটির কাছেই বিস্ফোরিত হয়, যার ফলে এটি ক্ষতিগ্রস্ত হয়। আঘাত পাওয়ার পর পাইলট নিকটতম একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। তবে ঠিক কোন ঘাঁটিতে বিমানটি অবতরণ করেছে, তা স্পষ্ট করেনি ইরান।

এদিকে ইরানের দাবির পরপরই বিষয়টি নিয়ে পাল্টাবিবৃতি দেয় সেন্টকম। বিবৃতিতে বিষয়টিকে সম্পূর্ণ ভুয়া ও অবাস্তব বলে আখ্যা দেওয়া হয়।

সেন্টকমের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় (এক্স) শেয়ার করা বিবৃতিতে বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তারা গতকাল একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জরুরি অবতরণে বাধ্য করেছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

সেন্টকমের দাবি, ইরান গতকাল কোনো মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ করে হামলা চালায়নি। মধ্যপ্রাচ্যে অবস্থানরত সকল মার্কিন যুদ্ধবিমান অক্ষত রয়েছে।

এফ-১৬ যুদ্ধবিমানের পাশাপাশি আইআরজিসি আরও দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। তাদের দাবি অনুযায়ী, এটি নিয়ে তারা যুক্তরাষ্ট্রের মোট ৫৮টি ড্রোন ধ্বংস করল।