লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইরানের বিরুদ্ধে তাঁর দেশকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি তেহরানকে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন।
আজ শুক্রবার বৈরুতে প্রেসিডেনশিয়াল প্যালেসে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ক্রিস্টিয়ান আমানপোরকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন জোসেফ আউন। তিনি বলেন, ‘ইসরায়েল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ নিয়ে লেবাননের মানুষ বিরক্ত ও ক্লান্ত।’
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির ভবিষ্যৎ যখন অনিশ্চিত, তখনই সিএনএনের সঙ্গে কথা বললেন লেবাননের প্রেসিডেন্ট।
ইরানকে উদ্দেশ করে জোসেফ আউন বলেন, ‘আপনারা আমাদের সাহায্য করার চেষ্টা করছেন না; বরং লেবাননের মানুষ মূল্য দিচ্ছে আপনাদের নিজেদের স্বার্থের জন্য। কারণ, আমাদের স্বার্থ আপনাদের স্বার্থের সঙ্গে মেলে না।’
ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকেও কড়া ভাষায় আক্রমণ করেন জোসেফ আউন। তিনি বলেন, ‘এটা আপনাদের দেশ নয়, এটা আমাদের দেশ।’
গত বুধবার রেভল্যুশনারি গার্ডসের দেওয়া এক বিবৃতিও প্রত্যাখ্যান করেন লেবাননের প্রেসিডেন্ট। ওই বিবৃতিতে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার দাবি করা হয়েছিল। এ প্রসঙ্গে জোসেফ আউন বলেন, ‘তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলোচনায় লেবাননকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে; এটা গ্রহণযোগ্য নয়।’
প্রসঙ্গত, গত বুধবার যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন একটি চুক্তিতে পৌঁছায়। তবে চুক্তিটি কার্যকর হওয়া নির্ভর করছে হিজবুল্লাহর সব ধরনের হামলা পুরোপুরি বন্ধ হওয়া এবং দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর সব সদস্যের সম্পূর্ণ প্রত্যাহারের ওপর।
হিজবুল্লাহ নেতা নাইম কাসেম যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাঁর অভিযোগ, আলোচনায় হিজবুল্লাহকে অন্তর্ভুক্ত করা হয়নি এবং চুক্তিতে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের বিষয়টি নেই।