হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আরও একজন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন। শনিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সেন্টকম জানায়, ১৭ জুলাই জর্ডানে অবস্থানরত মার্কিন ও মিত্রবাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করার সময় ওই দুই সেনাসদস্য নিহত হন। একই ঘটনায় একজন সেনাসদস্য এখনো নিখোঁজ রয়েছেন।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে গত মার্চের পর এই প্রথম মার্কিন সামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটল।

সেন্টকম আরও জানিয়েছে, হামলায় আহত আরও চার মার্কিন সেনাসদস্যকে চিকিৎসার জন্য জর্ডানের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসা শেষে তাঁদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এ ছাড়া কয়েকজন সামান্য আহত হলেও তাঁরা আবার দায়িত্বে ফিরেছেন।

নিহত সেনাসদস্যদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে না জানানো পর্যন্ত তাঁদের পরিচয় প্রকাশ করা হবে না বলেও জানিয়েছে সেন্টকম।

এদিকে একই দিনে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নতুন করে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ইরানের ওপর হামলা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রকে ‘উচিত শিক্ষা’ দেওয়া হবে। যুদ্ধ উসকে দিলে শত্রুর জন্য ইরানি জাতির এমন শিক্ষা রয়েছে, যা তারা কোনো দিন ভুলবে না।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর করা কোনো চুক্তিরই মূল্য নেই। ওই চুক্তি ‘মূল্যহীন ও অবৈধ’।

এর আগে শনিবার মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা টানা সপ্তম রাতের মতো ইরানে নজরদারি স্থাপনা, সামরিক অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রভান্ডার এবং সামুদ্রিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর জবাবে ইরান কুয়েত, ইরাক, বাহরাইন, জর্ডান ও সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়।

শনিবারের হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে কুয়েতে। সেখানে একটি পানি শোধনাগার (ডিস্যালিনেশন প্ল্যান্ট) কেন্দ্র এবং একটি তেল স্থাপনা ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

অপারেশন নাসর-২: কুয়েত-বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে আইআরজিসির হামলা

ইরানের ডিস্যালিনেশন প্ল্যান্টে মার্কিন হামলা, খাবার পানিশূন্য ২০ গ্রামের ১০ হাজার মানুষ

ইসরায়েলি হামলায় নিহতের জানাজায় অংশ নেওয়াদের ওপর ফের ড্রোন হামলা

কী করা উচিত—বুঝতে পারছে না ইরানের সাধারণ মানুষ

জর্ডানে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, সিরিয়ার ঘাঁটিতেও হামলা

পূর্ণাঙ্গ যুদ্ধের বদলে থেমে থেমে সংঘাতের শঙ্কা ইরানের, রাজধানীজুড়ে আশ্রয়কেন্দ্র তৈরির পরিকল্পনা

টানা ষষ্ঠ রাতে উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা আঘাত, ফের অচল হরমুজ

নতুন প্রতিরক্ষা চ্যাম্পিয়নের উত্থান ঘটছে উপসাগরে

বাব আল-মান্দেবে নাটকীয় অভিযান, হুতিদের অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পের কফিন, হত্যার হুমকি