হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় সার্জনসহ নিহত ৬, আহত ২০

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলি হামলায় হতাহতদের সরিয়ে নিচ্ছে উদ্ধারকর্মীরা। ছবি: এএফপি

ফিলিস্তিনি ভূখণ্ড দক্ষিণ গাজার খান ইউনিসের আল নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় এক সার্জনসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোরে হাসপাতালের একটি ভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, হামলায় হামাসের একজন জ্যেষ্ঠ সদস্য এবং সংগঠনটির সশস্ত্র শাখার অন্য সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের দাবি, এসব সদস্য হাসপাতালের ভেতরে অবস্থান করছিলেন।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী অভিযোগ করে, হামাস হাসপাতাল কমপ্লেক্সটিকে সামরিক অভিযানের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছে। সেখানে অস্ত্র মজুত, কমান্ড ও নিয়ন্ত্রণকক্ষ পরিচালনা এবং হাসপাতালের বিভিন্ন স্থাপনাকে পর্যবেক্ষণকেন্দ্র ও যোদ্ধাদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করে তারা। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ইসরায়েলি হামলায় হাসপাতালের সার্জারি বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই বিভাগে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। চিকিৎসাকর্মীরা নিহত সার্জনের নাম রেজিক আবুশিরা বলে শনাক্ত করেছেন।

হাসপাতালের ভেতর থেকে রয়টার্সের ধারণ করা ভিডিওতে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। বিভিন্ন কক্ষে ধ্বংসস্তূপ ও আসবাব ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। ক্ষতিগ্রস্ত ছাদ থেকে বৈদ্যুতিক তার ঝুলে ছিল।

ভিডিওতে দেখা যায়, ধ্বংসাবশেষে ভরা হাসপাতালের করিডর দিয়ে আহত রোগীদের স্ট্রেচারে করে বহন করছেন লোকজন। অন্যরা আহতদের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হেঁটে যেতে সহায়তা করছেন। এ ছাড়া কয়েকটি মরদেহ হাসপাতাল থেকে বাইরে নিয়ে যেতেও দেখা যায়। এ সময় হাসপাতালের বাইরে অগ্নিনির্বাপণ কর্মীদের কাজ করতে দেখা গেছে।

হামাসের এক মুখপাত্র এ হামলার নিন্দা জানিয়ে একে ‘পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন।

গাজা উপত্যকায় সাম্প্রতিক সময়ে হামলা জোরদার করেছে ইসরায়েল। দেশটির দাবি, হামাস পুনরায় সংগঠিত হওয়ার পাশাপাশি নিজেদের অস্ত্রভাণ্ডার পুনর্গঠনের চেষ্টা করছে। তবে হামাস জানিয়েছে, তারা এক বছর আগে হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে চুক্তিটি দুর্বল করে দেওয়ার চেষ্টার অভিযোগ করেছে সংগঠনটি।

যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ভূখণ্ডটির স্বাস্থ্য কর্মকর্তারা। অন্যদিকে, ইসরায়েলের দাবি, একই সময়ে তাদের চারজন সেনা নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে গাজায় নিহতের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে। ২০২৩ সালের অক্টোবরে হামাসের সশস্ত্র যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে হামলা চালানোর পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলের দাবি, হামাসের নেতৃত্বে চালানো ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয়েছিলেন।