ইসরায়েলের নির্বাচনে আরব ভোটারদের অংশগ্রহণ বাধাগ্রস্ত করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীরা ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ উঠেছে। নির্বাচনের প্রায় দুই সপ্তাহ আগে থেকেই এ পরিকল্পনা করা হয়। ভোটের আগে আরব সম্প্রদায়ের মধ্যে নির্বাচনী জালিয়াতির অভিযোগ ছড়িয়ে দেওয়া, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পুলিশের কাছে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ দায়েরের মাধ্যমে এ প্রচেষ্টা চালানো হয়। নির্বাচনের কয়েক ঘণ্টা আগে ফিলিস্তিনি অধিকারকর্মীদের গ্রেপ্তার ও তাঁদের বাড়িতে তল্লাশি চালানোর ঘটনায় ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী পক্ষের নেতারা ঘটনাটিকে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা এবং ‘ক্যু প্রচেষ্টা’ হিসেবে অভিহিত করছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-এর পৃথক অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। অনুসন্ধান অনুযায়ী, ২৭ অক্টোবরের নির্বাচনের আগে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা আরব ভোটারদের লক্ষ্য করে একটি প্রচারণা ও পুলিশি তৎপরতা চালানোর সঙ্গে যুক্ত ছিলেন।
গত রোববার সন্ধ্যায় চ্যানেল ১২-তে প্রচারিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের আগের রাতে নর্ডেন পুলিশ কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে ইউনাইটেড আরব লিস্ট বা রা’আমের কয়েকজন কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ সময় তিনি পুলিশের কাছে একটি গোয়েন্দা সূত্রের তথ্যও সরবরাহ করেন। পরে জানা যায়, ওই তথ্যদাতা ড্যানিয়েল গ্রিনবার্গ আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন।
গ্রিনবার্গের দেওয়া তথ্য এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা অভিযোগের ভিত্তিতে পুলিশ ইউনাইটেড আরব লিস্টের কর্মীদের গ্রেপ্তার ও তাঁদের বাড়িতে অভিযান চালায়। তবে অভিযানের সময় পুলিশের কাছে কোনো গ্রেপ্তারি বা তল্লাশি পরোয়ানা ছিল না বলে চ্যানেল ১২-এর অনুসন্ধানে উঠে এসেছে।
এদিকে নির্বাচনের দিন শিন বেতের প্রধান ডেভিড জিনি বিদেশি হস্তক্ষেপের সন্দেহ দেখিয়ে আরব বংশোদ্ভূত নেসেটের পাঁচ সদস্যের ফোনে আড়িপাতার অনুমতি চেয়েছিলেন। তবে ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন।
চ্যানেল ১২ সোমবার জানায়, নির্বাচনের প্রায় দুই সপ্তাহ আগে ১৫ অক্টোবর উত্তর ইসরায়েলের ইয়ারকা শহরের একটি হলে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠক থেকেই আরব জনগোষ্ঠীকে লক্ষ্য করে নির্বাচনী জালিয়াতির অভিযোগ তোলার প্রচারণা শুরু হয়। প্রতিবেদন অনুযায়ী, ওই সময় নেতানিয়াহু উত্তর ইসরায়েল সফর করছিলেন। প্রচারণার নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পান ড্যানিয়েল গ্রিনবার্গ। তিনি কার্যত পুরো প্রকল্পের সমন্বয়ক হিসেবে কাজ করেন। তাঁর সঙ্গে বিভিন্ন অধিকারকর্মী ও সংগঠনের সদস্যরা যুক্ত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেনও।
গ্রিনবার্গ এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক ইয়োসি শেলির জ্যেষ্ঠ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। চ্যানেল ১২ জানায়, নির্বাচনের আগের শুক্রবারই তারা প্রতিবেদন প্রকাশ করেছিল যে নেতানিয়াহু আরব সম্প্রদায়ের মধ্যে নির্বাচনী জালিয়াতির অভিযোগ তুলে প্রচারণা শুরুর প্রস্তুতি নিচ্ছেন। এর পেছনে কারণ ছিল, বিভিন্ন জরিপ ও তাঁর ঘনিষ্ঠদের মূল্যায়নে নির্বাচনে পরাজয়ের আশঙ্কা তৈরি হয়েছিল।
সোমবার কান জানায়, ড্যানিয়েল গ্রিনবার্গই ছিলেন সেই গোয়েন্দা তথ্যদাতা, যাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নির্বাচনের আগের রাতে পুলিশ তদন্ত শুরু করে এবং ভোটের দিন ইউনাইটেড আরব লিস্টের কর্মীদের গ্রেপ্তার করে। গ্রিনবার্গের দেওয়া তথ্য পুলিশের কম্পিউটার ব্যবস্থায় গোয়েন্দা তথ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। পরে কোনো পরোয়ানা ছাড়াই কর্মীদের বাড়িতে তল্লাশি চালানোর ভিত্তি হিসেবে তা ব্যবহার করা হয়। তাঁদের আটক রাখার মেয়াদ বাড়ানোর শুনানিতেও একজন বিচারকের সামনে ওই তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়েছিল।
তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এরই মধ্যে মুক্তি পেয়েছেন এবং তাঁদের বিরুদ্ধে মামলাটি প্রায় বন্ধ হওয়ার পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে কান। গ্রিনবার্গের দেওয়া তথ্যের প্রকৃতি ও বিশ্বাসযোগ্যতা বর্তমানে পুলিশ এবং বিচার মন্ত্রণালয় পরীক্ষা করে দেখছে।
গ্রিনবার্গের আইনজীবী আভিখাই ইয়েহোসেফ দাবি করেছেন, তাঁর মক্কেল একজন সাধারণ বেসরকারি নাগরিক। প্রায় ছয় মাস আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের চাকরি ছেড়েছেন। এরপর থেকে রাজনৈতিক মহলের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই এবং রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা নির্বাচনী প্রক্রিয়ায়ও তিনি অংশ নেননি।
রোববার সন্ধ্যায় নর্ডেনের কিছু কথোপকথনের রেকর্ডিং প্রকাশ করে কান। সেখানে নর্ডেনকে বলতে শোনা যায়, ‘একজন নাগরিক কিছু তথ্য নিয়ে এসেছিলেন। তাই আমি তাঁকে পুলিশের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছি।’ নর্ডেন তথ্যদাতাকে একজন সাধারণ নাগরিক হিসেবে পরিচয় করিয়ে দিলেও তাঁর সাবেক সরকারি চাকরির বিষয়টি উল্লেখ করেননি।
কানের প্রতিবেদনে বলা হয়, ভোটকেন্দ্র খোলার ঠিক আগে ভোট কেনাবেচার সন্দেহে ইউনাইটেড আরব লিস্টের কর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল। লিকুদ পার্টি এবং নেতানিয়াহু নিজেও গ্রেপ্তারের ঘটনাটি প্রচার করেছিলেন। কিন্তু কয়েক দিন পর জানা যায়, গ্রেপ্তারের পেছনে প্রাথমিক তথ্য এসেছিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই।
এতে প্রশ্ন উঠেছে, কীভাবে ওই তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছিল এবং তথ্যদাতা আসলে কে ছিলেন। ইউনাইটেড আরব লিস্টের কর্মীদের ওপর নজরদারি চালাতে তাঁদের দলে কাউকে অনুপ্রবেশ করানো হয়েছিল, নাকি ব্যক্তিগত গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাঁদের ওপর নজর রাখা হচ্ছিল, তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ সোমবার জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে যে ইদো নর্ডেনই ওই তথ্যদাতাকে পুলিশের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। তথ্যদাতা আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করতেন, সেটিও অস্বীকার করেনি কার্যালয়টি। তবে পুরো প্রতিবেদনকে ‘মিথ্যা’ বলে দাবি করেছে তারা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বক্তব্য অনুযায়ী, ‘অপরাধসংক্রান্ত একটি তথ্য চিফ অব স্টাফ ইদো নর্ডেনের কাছে পৌঁছেছিল। আইন মেনে চলা যেকোনো নাগরিকের মতো তিনি নিজের দায়িত্ব পালন করে ওই ব্যক্তিকে পুলিশের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছেন। তদন্তে যুক্ত পুলিশের গোয়েন্দা কর্মকর্তা কিংবা অন্য কোনো সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে তিনি কখনো কথা বলেননি।’
এদিকে, নেতানিয়াহুর বিরুদ্ধে এই অভিযোগ উঠার পর বিরোধী রাজনৈতিক জোটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উদ্ধৃত করে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, এই ঘটনা ঐক্যবদ্ধ সরকার গঠনের যেকোনো সম্ভাবনা শেষ করে দিয়েছে। উল্লেখ্য, ওই গ্রেপ্তারের ঘটনাকে পুঁজি করে নেতানিয়াহু নির্বাচন চুরি হয়েছে বলে দাবি করে আসছেন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোটের কোনো সূত্রের নাম প্রকাশ না করে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ তাদের উদ্ধৃত করে জানিয়েছে, নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে সরকার গঠনের সামান্য সম্ভাবনা থাকলেও এখন তা আর নেই। কারণ ‘যা ঘটেছে তা অভ্যুত্থানচেষ্টার চেয়ে কম কিছু নয়।’
ঐক্যবদ্ধ সরকার গঠনের আলোচনার জন্য আইজেনকট ও নেতানিয়াহু রোববার বৈঠকে বসলেও, তিক্ততা অব্যাহত থাকায় তাঁরা প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে কঠোর ভাষায় আক্রমণ চালিয়ে যাচ্ছেন।