হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে আজই হামলার পরিকল্পনা ছিল ট্রাম্পের, মিত্রদের অনুরোধে স্থগিত

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আজ মঙ্গলবার তিনি ইরানে বড় ধরনের নতুন সামরিক হামলার পরিকল্পনা করেছিলেন। তবে যুদ্ধ বন্ধে বহুদিন ধরে অধরা থাকা সমঝোতার সম্ভাবনা দেখা দেওয়ায় উপসাগরীয় মিত্র দেশগুলোর অনুরোধে শেষ মুহূর্তে তিনি সেই পরিকল্পনা থেকে সরে আসেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন। ট্রাম্প বলেন, উপসাগরীয় আরব মিত্রদের অনুরোধে তিনি ওই সম্ভাব্য হামলা স্থগিত করেন। কারণ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি প্রায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতি ভেঙে আবার হামলা শুরু করে, তাহলে পাল্টা আঘাতের হুমকি দিয়েছে ইরান।

ট্রাম্প কিছুদিন আগে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছিলেন এবং স্পষ্ট করে জানিয়েছিলেন, রাজনৈতিকভাবে বোঝা হয়ে ওঠা এই যুদ্ধ থেকে তিনি বেরিয়ে আসতে চান। ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইরান তাঁর প্রস্তাবিত চুক্তির খসড়া প্রত্যাখ্যান করার পর মঙ্গলবারে নতুন হামলার প্রস্তুতি নেওয়া হয়েছিল।

ট্রাম্প আরও জানান—কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা তাঁকে অনুরোধ করেছিলেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের বিরুদ্ধে আগামীকালের নির্ধারিত সামরিক হামলা স্থগিত রাখতে। কারণ, এখন গুরুতর আলোচনা চলছে।’ তবে ট্রাম্প আরও বলেন, তিনি মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন তারা ‘যেকোনো মুহূর্তে পূর্ণমাত্রার, বৃহৎ আকারের হামলা চালানোর জন্য প্রস্তুত থাকে’, যদি গ্রহণযোগ্য কোনো চুক্তি না হয়।

পরে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘খুবই ইতিবাচক অগ্রগতি’ হয়েছে এবং আরব মিত্ররা তাঁকে জানিয়েছে, এমন একটি চুক্তি কাছাকাছি রয়েছে যা ইরানকে পারমাণবিক অস্ত্রবিহীন রাখবে। যদিও তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে এসেছে। ট্রাম্প বলেন, ‘মনে হচ্ছে তারা কোনো একটা সমাধানে পৌঁছাতে পারে। যদি আমরা তাদের ওপর ভয়াবহ বোমাবর্ষণ ছাড়াই সেটা করতে পারি, তাহলে আমি খুবই খুশি হব।’

ইরান বারবার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং উপসাগরে প্রবেশের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ আরও কড়াকড়ি করেছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম অস্থিরভাবে বেড়ে গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তেহরান তাদের ‘উদ্বেগের বিষয়গুলো’ স্পষ্টভাবে জানিয়েছে।

এর আগে, গত রোববার ইরানের ফার্স নিউজ জানায়, ওয়াশিংটন পাঁচ দফা শর্ত দিয়েছে। এর মধ্যে ছিল ইরানকে কেবল একটি পারমাণবিক স্থাপনা সচল রাখার অনুমতি দেওয়া এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের দাবি। ফার্সের দাবি, যুক্তরাষ্ট্র ইরানের জব্দ করা সম্পদের ‘২৫ শতাংশও’ ছাড় দিতে রাজি হয়নি এবং কোনো যুদ্ধ ক্ষতিপূরণ দিতেও সম্মত হয়নি। তবে ইরানের তাসনিম নিউজ এজেন্সি, ইরানি আলোচক দলের ঘনিষ্ঠ একটি অজ্ঞাত সূত্রের বরাতে জানায়, সর্বশেষ প্রস্তাবে যুক্তরাষ্ট্র একটি নতুন ছাড় দিয়েছে। আলোচনার সময় তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে তারা রাজি হয়েছে।

গত সপ্তাহে পাঠানো আগের এক প্রস্তাবে ইরান সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের আহ্বান জানায়। এর মধ্যে ছিল লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ এবং ১৩ এপ্রিল থেকে ইরানি বন্দরের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের দাবি। ফার্স জানায়, ইরানের ওই প্রস্তাবে জোর দিয়ে বলা হয়েছিল যে তেহরান কৌশলগত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বজায় রাখবে। যুদ্ধ শুরুর পর থেকে এই গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথটি ইরান অনেকাংশে বন্ধ রেখেছে।

গতকাল সোমবার প্রণালি পরিচালনার জন্য সদ্য গঠিত ইরানের ‘পার্সিয়ান গালফ স্ট্রেইট অথোরিটি’ জানায়, তারা এক্স প্ল্যাটফর্মের মাধ্যমে জলপথটির ‘রিয়েল-টাইম আপডেট’ দেবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী—আইআরজিসি জানায়, প্রণালির মধ্য দিয়ে যাওয়া ইন্টারনেট ফাইবার অপটিক কেবলগুলোও ইরানের অনুমতিনির্ভর ব্যবস্থার আওতায় আনা হতে পারে।

এদিকে ইরান সামরিক চাপও বাড়িয়ে তুলছে। গতকাল সোমবার আইআরজিসি জানায়, তারা ইরানের কুর্দিস্তান প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়েছে। অঞ্চলটি ইরাক সীমান্তের কাছে। ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ সংবাদ সংস্থার প্রকাশিত এক বিবৃতিতে গার্ড বাহিনী দাবি করে, ‘উত্তর ইরাকভিত্তিক এবং যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের পক্ষে কাজ করা গোষ্ঠীগুলো’ বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র ও গোলাবারুদ ইরানে পাচারের চেষ্টা করছিল।

সৌদি আরবে যুদ্ধবিমানসহ ৮ হাজার সেনা মোতায়েন করেছে পাকিস্তান

যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের মাধ্যমে ইরানের নতুন ১৪ দফা প্রস্তাব

আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে ড্রোন হামলা

লাগবে না হরমুজ—পাইপলাইন ও রেলে আসবে উপসাগরীয় তেল!

সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার তারিখ ঘোষণা

হরমুজ প্রণালিতে টোল আদায়ের রূপরেখা শিগগির প্রকাশ করবে ইরান

জেরুজালেমের কাছে বিশাল বিস্ফোরণ, ইসরায়েল বলছে ‘পূর্বপরিকল্পিত পরীক্ষা’

ইরানের দ্বীপ দখলে আরব আমিরাতকে উসকাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা পুনরায় সচল করতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

‘নাকবা’ থেকে আজও মুক্তি মেলেনি ফিলিস্তিনিদের