হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নির্বাচনের আগে ইরানে নতুন হামলা চান না নেতানিয়াহু

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি

আসন্ন নির্বাচনের আগে ইরানে নতুন করে আগ বাড়িয়ে কোনো সামরিক হামলা চালাতে চান না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তেহরান বা তাদের সমর্থিত কোনো গোষ্ঠী ইসরায়েলে হামলা চালালে তার কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ বুধবার ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এসব কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘নির্বাচনের আগে ইরানে নতুন হামলা চালানো আমাদের জন্য ভালো কোনো বিষয় নয়।’ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের তোলা ‘নির্বাচনকেন্দ্রিক সামরিক উসকানির’ অভিযোগের জবাবে তিনি বলেন, ‘এমনকি ইরান যদি আমাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে, তাহলেও বিরোধীরা এর জন্য আমাকেই দায়ী করবে।’ তবে নির্বাচনপরবর্তী কৌশল বা ওয়াশিংটনের সঙ্গে চলমান নিরাপত্তা নিয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি।

নেতানিয়াহুর এ বক্তব্য এমন এক সময়ে এল, যখন তাঁর রাজনৈতিক বিরোধীরা অভিযোগ তুলেছেন যে, ২৭ অক্টোবরের নির্বাচনে বিজয়ী হতে ও ক্ষমতায় টিকে থাকতে তিনি নতুন করে সামরিক উত্তাপ ছড়াচ্ছেন।

একই দিনে দক্ষিণ লেবাননে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নিয়ন্ত্রণাধীন নিরাপত্তা অঞ্চল পরিদর্শনের সময় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হিজবুল্লাহর উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। কাৎজ জানান, হিজবুল্লাহ যদি নতুন করে হামলা চালায়, তবে তাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তিনি বলেন, হিজবুল্লাহ হামলা চালালে দক্ষিণ লেবাননের নাবাতিয়ে ও লিটানি নদীসংলগ্ন অঞ্চল হাতছাড়া করবে এবং সেগুলো ইসরায়েলের স্থায়ী নিরাপত্তাবলয়ের অংশ করা হবে।

কাৎজ আরও সতর্ক করে বলেন, এই সংঘাত তীব্র হলে ১০ লাখের বেশি শিয়া মুসলিম বাস্তুচ্যুত হবে এবং বৈরুতে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিগুলোকে ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরানও ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জুনের পর ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি গোলাগুলি বন্ধ থাকলেও হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত অব্যাহত রয়েছে।

গত সপ্তাহে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতিদের রক্তক্ষয়ী হামলায় ১৩ জন নিহত হয়। এ ঘটনায় ইসরায়েল সৌদি আরবকে সহায়তা করছে কি না বা করবে কি না, নেতানিয়াহুর কাছে তা জানতে চাওয়া হয়। জবাবে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, ‘আমরা এসব বিষয়ে জড়াতে চাই না। আমি শুধু এটুকু বলতে পারি যে, আমাদের সাম্প্রতিক সামরিক সাফল্যের পর মধ্যপ্রাচ্যের বহু দেশ সাহায্য ও পরামর্শের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছে।’