দক্ষিণ জর্ডানের কারাক প্রদেশে একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে অন্তত সাতজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৩ অক্টোবর) এই মর্মান্তিক ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপি দেশটির পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেটের দেওয়া তথ্যের বরাতে জানিয়েছে, কারাক প্রদেশের হাম্মুদ গ্রামের একটি গ্রিক অর্থোডক্স চার্চের চত্বরে দুই বন্দুকধারী প্রথমে গাড়ি নিয়ে প্রবেশ করে। এরপর অতর্কিতে গুলি চালায়।
জর্ডানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল-মামলাকাকে এক প্রত্যক্ষদর্শী জানান, তখন গির্জার ভেতরে একটি অন্ত্যেষ্টিক্রিয়া চলছিল। ওই সময় চলন্ত গাড়ি থেকে নেমেই হামলাকারীরা এই গুলি করতে শুরু করে। চার্চের ভেতরে ও বাইরে তখন প্রায় ১৫০ থেকে ২০০ মানুষ উপস্থিত ছিলেন। প্রায় পাঁচ মিনিট ধরে একটানা গুলির পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিহত ও আহতদের বেশির ভাগের বয়স ৫০ থেকে ৭০ বছরের মধ্যে। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
জর্ডান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং পালিয়ে যাওয়া হামলাকারীদের ধরতে দেশজুড়ে অভিযান চলছে।
উল্লেখ্য, মুসলিম সংখ্যাগরিষ্ঠ জর্ডানের কারাক প্রদেশে বেশ কিছু খ্রিষ্টান পরিবারের বসবাস রয়েছে।