হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কয়েক সেকেন্ডের জন্য বেঁচে যান মোজতবা খামেনি

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের ঘোষিত নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ফাইল ছবি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মাত্র কয়েক সেকেন্ডের জন্য প্রাণে বেঁচে গেছেন—এমন দাবি উঠে এসেছে একটি ফাঁস হওয়া অডিও বার্তায়। প্রতিবেদনে বলা হয়েছে, একটি ক্ষেপণাস্ত্র হামলার ঠিক আগে তিনি ‘বাগানে কিছু কাজ আছে’ বলে বাইরে বেরিয়ে যান আর সেই সময়ই তাঁর পরিবারের ওপর ভয়াবহ হামলার আঘাতটি আসে।

ডেইলি মেইলসহ একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ফাঁস হওয়া অডিওটি এসেছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তরের প্রটোকলপ্রধান মাযাহের হোসেইনির কাছ থেকে। তাঁর তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে রমজান উপলক্ষে পরিবারের সদস্যরা একত্রে ছিলেন। ঠিক সেই সময় মোজতবা খামেনি তাঁর স্ত্রী, সন্তান ও বাবা-মাকে জানিয়ে বাইরে যান।

হোসেইনির ভাষ্যটি এমন—‘আল্লাহর ইচ্ছায় তিনি বাগানে কিছু করতে বাইরে যান। তিনি যখন বাইরে ছিলেন এবং সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলেন, ঠিক তখনই ভবনটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।’ এই হামলায় মোজতবার স্ত্রী মিসেস হাদ্দাদ ঘটনাস্থলেই নিহত হন। মোজতবা খামেনি পায়ে সামান্য আঘাত পান বলেও উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় পুরো খামেনি পরিবারকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল। সর্বোচ্চ নেতার দপ্তরের ভেতরে একাধিক স্থানে হামলার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনীর। একটি স্থানে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল বলে দাবি করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করে বলেছেন—খামেনি বেঁচে আছেন কি না, তা পরিষ্কার নয়। তিনি বলেন, কেউ তাঁকে দেখেনি, যা অস্বাভাবিক। কেউ বলছে তিনি গুরুতর আহত, কেউ বলছে তাঁর একটি পা কেটে গেছে, আবার কেউ বলছে তিনি মারা গেছেন।

অন্যদিকে কুয়েতের সংবাদমাধ্যম আল-জারিদা দাবি করেছে, হামলার পর গুরুতর আহত অবস্থায় মোজতবা খামেনিকে গোপনে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়। একটি রুশ সামরিক বিমানে করে তাঁকে মস্কোতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ভ্লাদিমির পুতিনের একটি প্রেসিডেন্ট প্রাসাদে অস্ত্রোপচার করা হয়।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন, দেশের সর্বোচ্চ নেতা সুস্থ আছেন এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছেন।

মোজতবাকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করা হলেও এখনো তিনি জনসমক্ষে আসেননি। প্রতিশোধের হুমকি দিয়ে একটি লিখিত বার্তা প্রকাশ করা হলেও ভিডিও বার্তায় তাঁকে দেখা যায়নি। এতে তাঁর শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা বেড়েছে।

গাজা–পশ্চিম তীর দখলে গতি বাড়িয়েছে ইসরায়েল, শিশু হত্যা ‘গণহত্যার ইঙ্গিত’

হরমুজে জাহাজ চলাচলে ফি আরোপ করবে ইরান-ওমান, যুক্তরাষ্ট্রের আপত্তি

ব্রাজিলের জয়কে কেন্দ্র করে লেবাননে সংঘর্ষ, গোলাগুলি

লেবাননের ভূখণ্ড দখলের ইচ্ছা নেই, তবে যত দিন ইচ্ছা থাকবে ইসরায়েল

কাতারে থাকা ৬ বিলিয়ন ডলার হাতে পাচ্ছে ইরান

কাতারে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের ঘোষণা ট্রাম্পের, তেহরানের অস্বীকার

বিস্ফোরক–ক্ষেপণাস্ত্র তৈরি করছে হামাস, ফের যুদ্ধের জন্য প্রস্তুত: ইসরায়েল

ইসরায়েলের বিরুদ্ধে সাইবার যুদ্ধ শুরু করেছে ইরান, এক মাসেই ৪৮০০ হামলা

পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, আলোচনা এবার কাতারে

ইরানে শিশুদের হত্যা ও সংঘটিত যুদ্ধাপরাধের আন্তর্জাতিক বিচার দাবি মোজতবার