হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলে চার বছরে পদত্যাগ করেছেন ২৮ শতাংশ পুলিশ কর্মকর্তা

আজকের পত্রিকা ডেস্ক­

ন্যাশনাল গার্ডের সদস্যদের মাঝে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। ছবি: আনাদোলু

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী হিসেবে ২০২২ সালের ডিসেম্বরে দায়িত্ব নেন কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন-গাভির। তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকে দেশটির ২৮ শতাংশ পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পত্রিকাটি জানায়, ইসরায়েলি পুলিশ বাহিনীতে তীব্র জনবল সংকটের প্রেক্ষাপটে আয়োজিত রুদ্ধদ্বার বৈঠকে পরিসংখ্যানটি উপস্থাপন করা হয়।

হারেৎজ-এর প্রতিবেদনে প্রকাশিত তথ্যে আরও দেখা যায়, বেন-গাভির মেয়াদকালে পুলিশ বাহিনীতে নতুন নিয়োগ বেড়েছে ঠিকই, তবে নতুন নিয়োগপ্রাপ্তদের এক-চতুর্থাংশের বেশি সদস্যকেই সীমান্ত পুলিশ কিংবা জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের অধীনে গঠিত তথাকথিত ‘ন্যাশনাল গার্ড’-এ স্থানান্তরিত করা হয়েছে।

হারেৎজ-এর প্রতিবেদন অনুযায়ী, নতুন নিয়োগ সত্ত্বেও ইসরায়েলের বিভিন্ন থানা এবং ট্রাফিক বিভাগে এখনো প্রায় ২,০০০ পুলিশ কর্মকর্তার ঘাটতি রয়ে গেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের অধীনে ‘ন্যাশনাল গার্ড’ গঠনের অনুমোদন দেয়।

বিরোধী রাজনৈতিক দলগুলো তখন এই বলপ্রয়োগকারী বাহিনীকে বেন-গাভিরের কর্তৃপক্ষের অধীনে ন্যস্ত করার কঠোর সমালোচনা করেছিল। তাদের অভিযোগ ছিল, রাজনৈতিক সুযোগ-সুবিধার বিনিময়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চরম ডানপন্থী ওৎজমা ইয়েহুদিত দলের নেতার হাতে কার্যত একটি ‘ব্যক্তিগত মিলিশিয়া’ গড়ে তোলার সুযোগ করে দিয়েছেন।