হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামাসকে সন্ত্রাসী না বললে আইনপ্রণেতাদের অধিকার বাতিল করবে ইসরায়েল

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলি পার্লামেন্ট নেসেট। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানানো আইনপ্রণেতাদের পার্লামেন্টারি অধিকার কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের সংসদ নেসেট। নতুন এই পদক্ষেপের ফলে সংশ্লিষ্ট আইনপ্রণেতারা অধিবেশনে বক্তব্য রাখা, বিলের প্রস্তাবনা দেওয়া এবং বিভিন্ন সংসদীয় কমিটিতে অংশ নেওয়ার মতো গুরুত্বপূর্ণ সুবিধা থেকে বঞ্চিত হবেন।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট গত বুধবার এই বিলের প্রাথমিক অনুমোদন দেয়। এই বিল অনুযায়ী, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করলে বা সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার বিরোধিতা করলে সংশ্লিষ্ট আইনপ্রণেতার পার্লামেন্টারি সব অধিকার ও বেতন কেড়ে নেওয়া হবে।

তবে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এই ভোটাভুটি বর্জন করেছে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন পার্লামেন্টারি ব্লক এবং আরব দলগুলো।

মূলত হামাসকে ‘সন্ত্রাসী’ তকমা না দেওয়ার বিষয় এই আইনের প্রাথমিক অনুমোদ দিয়ে নিজ দেশেরই আইনপ্রণেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল ইসরায়েলি পার্লামেন্ট। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, লিকুদ পার্টির এমপি ওফির কাৎজ প্রস্তাবিত বিলটির পক্ষে ৪৮ জন আইনপ্রণেতা ভোট দিয়েছেন। বিপক্ষে কোনো ভোট পড়েনি।

প্রস্তাবিত এই আইনে বলা হয়েছে, কোনো নেসেট সদস্য হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করলে অথবা সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার বিরোধিতা করলে তাঁর পার্লামেন্টারি অধিকার ও বেতন কেড়ে নেওয়া হবে। সংশ্লিষ্ট সদস্য হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও বিলটির ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ইয়ারশ পার্টির প্রধান এবং চেঞ্জ ব্লকের নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন আইনপ্রণেতারা অধিবেশন বর্জন করায় ক্ষমতাসীন জোটের সংখ্যাগরিষ্ঠতা নষ্ট হয়।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, আইজেনকোটের ব্লকের অন্তর্ভুক্ত চারটি দলের আইনপ্রণেতারা অধিবেশন থেকে ওয়াকআউট করেন। এই ব্লকের মোট আসনসংখ্যা ৪৮। একই সঙ্গে ১৯টি আসনের অধিকারী দুটি আরব দল ইউনাইটেড আরব লিস্ট এবং জয়েন্ট লিস্টের সদস্যরাও অধিবেশন বর্জন করেন।

এক বিবৃতিতে ইয়ারশ পার্টি বিলটি উত্থাপনের জন্য লিকুদ পার্টির সমালোচনা করে একে ‘রাজনৈতিক প্রহসন’ বলে অভিহিত করেছে। দলটি জানায়, তাদের ব্লকের অন্তর্ভুক্ত দলগুলো লিকুদ পার্টির প্রস্তাবিত কোনো আইনের ওপর ভোটাভুটিতে অংশ নেবে না। বিবৃতিতে আরও বলা হয়, ‘আজ লিকুদ পার্টির উত্থাপিত প্রতিটি প্রস্তাবই বিব্রতকর উসকানি এবং তাদের চেনা রাজনৈতিক কৌশল ও চালবাজির অংশ।’