হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নতুন বিক্ষোভ শুরু হতেই ইউরেনিয়ামের মজুত কমাতে ইচ্ছুক ইরান

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ২০ শতাংশ বা তার নিচে নামাতে রাজি হয়েছে ইরান। তবে উচ্চমাত্রায় সমৃদ্ধ ৩০০ কেজি ইউরেনিয়াম বিদেশে পাঠাতে সম্মত নয় দেশটি। এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে তারা শিগগির উপস্থাপন করতে যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’।

রোববার (২২ ফেব্রুয়ারি) গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান কর্তৃপক্ষ এমন এক সময়ে সিদ্ধান্তটি নিয়েছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে বিপুল নৌ-সমাবেশ ঘটিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা ভাবছেন।

ইরানি সূত্রের দাবি, জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে তেহরান তাদের ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা ইউরেনিয়ামকে ২০ শতাংশ বা তার নিচে নামাতে প্রস্তুত। তবে ৩০০ কেজির মজুত দেশছাড়া করার প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে। সরকারের ঘনিষ্ঠ এক কূটনীতিককে উদ্ধৃত করে ইরানি গণমাধ্যম বলেছে, ‘আমরা আলোচনায় স্পষ্ট করেছি—পারমাণবিক উপাদান দেশের বাইরে যাবে না।’

এদিকে ইরানের ভেতরে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শনিবার দেশটির মাশহাদ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স এবং তেহরানের অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভের সূচনা হয়। সাম্প্রতিক আন্দোলনের জের ধরে বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়গুলো খুলতেই শিক্ষার্থীরা রাস্তায় নামে। এর মধ্যে শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে শিক্ষার্থীরা ‘স্বৈরশাসকের মৃত্যু’ সহ নানা স্লোগান দেয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সতর্ক করে জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ক্লাস আবার অনলাইনে নেওয়া হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রে এক সাক্ষাৎকারে বলেছেন, ওয়াশিংটন ইরানকে স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবি জানায়নি। তাঁর ভাষ্য মতে, আলোচনার মূল বিষয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ও কতসংখ্যক সেন্ট্রিফিউজ চালু থাকবে—তা নিয়ে। তবে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেত্রে ‘শূন্য সমৃদ্ধকরণ’ নীতি চায়।

তবে ইরানি আইনজীবী রেজা নাসরি সতর্ক করে বলেছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ থাকা অবস্থায় ইরানে হামলা হলে আঞ্চলিক দেশগুলো এই শিক্ষাই নেবে যে—যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রই একমাত্র প্রতিরোধ।

এদিকে লন্ডনে প্রায় দেড় হাজার মানুষ ইরানি দূতাবাস বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন। তাঁদের অনেকেই ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির ছবি বহন করেন।

হিজবুল্লাহর নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে, যুদ্ধে জড়াতে পারে ইসরায়েলের সঙ্গে

বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত

ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা

নিজস্ব আকাশ প্রতিরক্ষাব্যবস্থার পরীক্ষা চালাল ইরান

কাতার ও বাহরাইন থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন হামলার আশঙ্কায় নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার আহ্বান সার্বিয়া ও সুইডেনের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কতটা শক্তিশালী

ইরানে সুনির্দিষ্ট ব্যক্তিদের টার্গেট করে মার্কিন হামলা হতে পারে

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’