হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লাতিনে উত্তেজনার মধ্যে সিরিয়ায় যুক্তরাজ্য-ফ্রান্সের বিমান হামলা

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রেক্ষাপটে লাতিন আমেরিকায় উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স ফ্রান্সের বিমানবাহিনীর সঙ্গে যৌথ অভিযানে সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) একটি ভূগর্ভস্থ অস্ত্রভান্ডারে হামলা চালিয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে এক বিবৃতিতে বলেছে, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে কর্মকর্তারা নিশ্চিত হন, ওই স্থাপনায় অস্ত্র ও বিস্ফোরক মজুত ছিল। মধ্য সিরিয়ার প্রাচীন নগরী পালমিরার উত্তরে পাহাড়ি এলাকায় অস্ত্রভান্ডারটি অবস্থিত।

বিবৃতিতে বলা হয়, ‘গতকাল শনিবার রাতে আমাদের বিমানগুলো ওই স্থাপনায় প্রবেশের সুড়ঙ্গপথগুলো লক্ষ্য করে পেভওয়ে ফোর বোমা নিক্ষেপ করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা সম্ভব হয়েছে। এই অভিযানে কোনো বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি এবং অভিযানে অংশ নেওয়া সব বিমান নিরাপদে ফিরে এসেছে। হামলার ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত মূল্যায়ন চলছে। তবে কর্মকর্তাদের বিশ্বাস, অভিযানটি সফল হয়েছে।’

সিরিয়ায় হামলার বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, ‘এই পদক্ষেপ আমাদের নেতৃত্বের পরিচয় দেয়। মধ্যপ্রাচ্যে দায়েশ ও তাদের বিপজ্জনক এবং সহিংস আদর্শের পুনরুত্থান রুখতে আমরা মিত্রদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে সংকল্পবদ্ধ। এই অভিযানে অংশ নেওয়া সশস্ত্র বাহিনীর সব সদস্যকে তাঁদের পেশাদারত্ব ও সাহসের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। সন্ত্রাসীদের নির্মূল করার এই অভিযান প্রমাণ করে, আমাদের সশস্ত্র বাহিনী বছরজুড়ে দেশকে নিরাপদ রাখতে সদা প্রস্তুত।’

২০১৪ সাল থেকে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে ড্রোন ও চালকবাহী বিমানের সাহায্যে আইএস যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান চালিয়ে আসছে যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স।

জাতিসংঘের তথ্য বলছে, সিরিয়া ও ইরাকে এখনো আইএসের পাঁচ থেকে সাত হাজার যোদ্ধা সক্রিয় রয়েছেন।

সিরিয়া তাদের নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে গত নভেম্বরে আইএসবিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোটে ৯০তম দেশ হিসেবে যোগ দেয়।

কর্মকর্তাদের মতে, এই জোটের মূল লক্ষ্য ইসলামিক স্টেটের অবশিষ্ট অংশ নির্মূল করা এবং মধ্যপ্রাচ্যে বিদেশি যোদ্ধাদের অনুপ্রবেশ বন্ধ করা।

গত ডিসেম্বরে মধ্য সিরিয়ার পালমিরায় অতর্কিত হামলায় দুই মার্কিন সেনা ও একজন বেসামরিক দোভাষী নিহত হওয়ার পর দেশটিতে আইএসের লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

ভারত মহাসাগরে ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন অভিযান

ইরান আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে: লেবাননের প্রেসিডেন্ট

মার্কিন রণতরিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে ইরান বলল—সতর্ক করলাম

হিজবুল্লাহর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল ইরান, শান্তিচুক্তি নিয়ে অনিশ্চয়তা

পরিবারের মধ্যে এমন হয়—ট্রাম্পের গালিগালাজ প্রসঙ্গে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হিজবুল্লাহর

আবারও যুদ্ধবিরতি কার্যকরে সম্মত ইসরায়েল-লেবাবন

হিজবুল্লাহ ফাঁদ কীভাবে উতরাবে ইসরায়েল

ইরান পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে সম্মত হয়েছে, দাবি ট্রাম্পের

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় নিহত ১, ক্ষতিগ্রস্ত কূটনৈতিক স্থাপনা