ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পরই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বিরোধে জড়িয়েছেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। নিয়মিত নিরাপত্তা ব্রিফিং ও গোয়েন্দা মূল্যায়নের তথ্য পেতে নেতানিয়াহুর দপ্তরের সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে দেশটির অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়াড়ার হস্তক্ষেপ চেয়েছেন তিনি। একই সঙ্গে নতুন সরকার গঠনের আগপর্যন্ত জরুরি হুমকি ছাড়া সামরিক বা নিরাপত্তা বাহিনীকে কোনো অভিযানে ব্যবহার না করার জন্য নেতানিয়াহুকে সতর্ক করেছেন আইজেনকট।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, গতকাল বুধবার অ্যাটর্নি জেনারেলের কাছে পাঠানো আবেদনে আইজেনকট বলেন, তাঁর নিয়মিত, সুনির্দিষ্ট কাঠামোয় সাজানো ও পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্রিফিং পাওয়ার পাশাপাশি গোয়েন্দা মূল্যায়নসংক্রান্ত তথ্যেও প্রবেশাধিকার থাকা প্রয়োজন। কারণ, আইন অনুযায়ী বর্তমানে ইসরায়েলে কোনো বিরোধীদলীয় নেতা নেই। এ ছাড়া প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাঁকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।
আইজেনকট অভিযোগ করেন, এ বিষয়ে নেতানিয়াহুর দপ্তরের সঙ্গে যোগাযোগ করে ব্রিফিংয়ের ব্যবস্থা করার জন্য তাঁর দলের পক্ষ থেকে একাধিকবার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে।
আবেদনে তিনি অ্যাটর্নি জেনারেলকে আরও অনুরোধ করেন, যেকোনো সামরিক বা অভিযানসংক্রান্ত সিদ্ধান্ত যেন যথাযথভাবে মন্ত্রিসভা ও সরকারের বৈঠকে আলোচনা এবং অনুমোদনের মাধ্যমে নেওয়া হয়। আইন অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, কার্যকর তদারকি, যথাযথ জাতীয় সিদ্ধান্ত গ্রহণ এবং দেশের নিরাপত্তাস্বার্থ সুরক্ষায় এ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
এর আগে নেতানিয়াহুকে লেখা এক চিঠিতে আইজেনকট সতর্ক করে বলেছিলেন, তাৎক্ষণিক কোনো নিরাপত্তা হুমকি না থাকলে নিরাপত্তা বাহিনীকে অভিযানে নিয়োজিত করা উচিত হবে না। তাঁর এই সতর্কবার্তা এমন এক সময়ে এসেছে, যখন বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের আপত্তি সত্ত্বেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর উদ্যোগ নিচ্ছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
নেতানিয়াহুকে পাঠানো আগের চিঠিতে আইজেনকট সরাসরি ইরানের প্রসঙ্গ উল্লেখ করেননি। তবে সম্প্রতি প্রকাশিত একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা কর্মকর্তাদের আপত্তি উপেক্ষা করে ইরানে সামরিক অভিযান পরিচালনার চেষ্টা করছেন নেতানিয়াহু।
মঙ্গলবার ইসরায়েলি একটি টেলিভিশন প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির আবারও ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর প্রস্তাবিত কয়েকটি অনির্দিষ্ট সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন। এর আগে ২৭ অক্টোবরের নির্বাচনের আগেও একই ধরনের একটি উদ্যোগের বিরোধিতা করেছিলেন তিনি। সে সময় প্রতিরক্ষা কর্মকর্তাদের আশঙ্কা ছিল, এমন সামরিক পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে দিতে পারে এবং নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করতে পারে।
নেতানিয়াহুকে লেখা চিঠিতে আইজেনকট বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে অত্যন্ত উদ্বেগজনক কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ইসরায়েলের নিরাপত্তার মতো সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ বিষয়ে অপ্রাসঙ্গিক বিবেচনাকে যুক্ত করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল ও সংবেদনশীল। সম্ভবত আমাদের দেশের ইতিহাসে এর চেয়ে সংবেদনশীল পরিস্থিতি আর আসেনি। এ অবস্থায় নিরাপত্তা ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার অতিরিক্ত সতর্কতা ও দায়িত্বশীলতা প্রদর্শন করা কর্তব্য।’
আইজেনকট সতর্ক করে বলেন, ‘এমন কোনো সরাসরি ও তাৎক্ষণিক হুমকি না থাকা সত্ত্বেও নিরাপত্তা বাহিনীকে অভিযানে নিয়োজিত করা, যে হুমকি মোকাবিলায় অপেক্ষা করার সুযোগ নেই, তা ইসরায়েলের গণতন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।’
নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই সংবেদনশীল সময়ে আমি আপনার কাছে জাতীয় দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার দাবি জানাচ্ছি। সংযম ও সতর্কতা প্রদর্শন করুন। নতুন সরকার শপথ নিয়ে নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) আস্থা অর্জন করা পর্যন্ত যেসব ঝুঁকিপূর্ণ পদক্ষেপ স্থগিত রাখা সম্ভব, সেগুলো থেকে বিরত থাকুন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা নষ্ট করবেন না।’
এ ছাড়া নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের একটি ‘গুরুতর সাংবিধানিক সংঘাতের’ মুখে ঠেলে না দেওয়ার জন্য নেতানিয়াহুকে সতর্ক করেন আইজেনকট। তাঁর মতে, এমন পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যেখানে নিরাপত্তা কর্মকর্তারা তাঁদের কাছে কী দায়িত্ব প্রত্যাশা করা হচ্ছে এবং কোন পদক্ষেপ নেওয়া সঠিক, তা নিয়ে অনিশ্চয়তায় পড়েন। নেতানিয়াহুর প্রতি তাঁর আহ্বান, নিরাপত্তা কর্মকর্তাদের যেন তাঁদের ওপর অর্পিত ‘পবিত্র দায়িত্ব’ কোনো ধরনের দ্বিধা ছাড়াই পালন করতে দেওয়া হয়।
গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর রাজনৈতিক জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপর রোববার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন। আইনপ্রণেতাদের কাছ থেকে সবচেয়ে বেশি সুপারিশ ও সমর্থন পাওয়ায় তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
তবে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত নেতানিয়াহুই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় পর্যন্ত সরকার ও নিরাপত্তা বাহিনীর ওপর তাঁর নিয়ন্ত্রণ বহাল থাকবে। নেতানিয়াহুকে লেখা চিঠিতে আইজেনকট উল্লেখ করেন, ‘মাত্র ৪৬ জন নেসেট সদস্য এখনো আপনার প্রধানমন্ত্রী পদে বহাল থাকার পক্ষে সমর্থন দিচ্ছেন।’
আইজেনকটের চিঠির জবাবে নেতানিয়াহু অভিযোগ করেন, ইয়াশার পার্টির নেতা জাতীয় নিরাপত্তাকে রাজনীতিকরণের চেষ্টা করছেন। তাঁর মতে, এ ধরনের স্পর্শকাতর বিষয় জনসমক্ষে আলোচনা করা উচিত নয়। প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার যেসব সিদ্ধান্ত নিয়েছে, সেগুলো সম্পূর্ণভাবে নিরাপত্তাসংক্রান্ত বিবেচনার ভিত্তিতে এবং নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে নেওয়া হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ভয় ও বিভাজন ছড়ানোর পরিবর্তে দায়িত্বশীল আচরণ করা উচিত।’
আইজেনকোটের চিঠিকে ‘স্পর্শকাতর নিরাপত্তা ইস্যু জনসমক্ষে আলোচনার একটি দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর বলে, ‘এটি ইসরায়েলের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলোকে রাজনীতিকরণের একটি সুস্পষ্ট প্রচেষ্টা।’ একই সঙ্গে আইজেনকোটকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার আহ্বান জানায় প্রধানমন্ত্রীর দপ্তর।
তবে প্রধানমন্ত্রীর দপ্তরের বক্তব্যের জবাবে আইজেনকোট দাবি করেন, প্রচলিত নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিক সরকারি চ্যানেলের মাধ্যমে অভিযানসংক্রান্ত হালনাগাদ তথ্য পাওয়ার যে অনুরোধ তিনি জানিয়েছিলেন, নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন।