হরমুজ প্রণালি আর কখনো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, গুরুত্বপূর্ণ এই জলপথের তদারকি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে। যুদ্ধ অবসানে তেহরানের প্রস্তাবিত সাত দফা পরিকল্পনার অংশ হিসেবে এ সমঝোতা হয়েছে।
গতকাল বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গালিবাফ এসব কথা বলেন। আট মাস ধরে চলা সংঘাতের অবসানে ইরানের প্রস্তাব নিয়ে আলোচনার পাশাপাশি হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন তিনি।
গালিবাফ বলেন, হরমুজ প্রণালিতে কোনো ‘মুক্ত জলসীমা’ বা আন্তর্জাতিক জলসীমা নেই। ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনও এই প্রণালির ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাঁর ভাষ্য, প্রণালিটির অভ্যন্তরীণ নিয়মকানুন এর দুই উপকূলবর্তী রাষ্ট্রের আইন অনুযায়ী পরিচালিত হবে।
গালিবাফ জানান, কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তেহরান। শান্তি আলোচনার জন্য ইরানের সাতটি শর্তও ওয়াশিংটনের কাছে পাঠানো হয়েছে। এখন যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ইরান। তিনি বলেন, ‘এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে।’
ইরানের প্রধান আলোচকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি তহবিল মুক্ত করা, সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা এবং যুদ্ধের অবসান ঘটেছে বলে স্পষ্ট ঘোষণা দেওয়া। গালিবাফ বলেন, এসব দাবি জুন মাসে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে এসব শর্ত বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি পূর্বসম্মত বিষয়গুলোর মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখে, অতিরিক্ত দাবি না তোলে এবং অবিশ্বাস তৈরি করে এমন আচরণ থেকে বিরত থাকে, তাহলে স্বাভাবিকভাবেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।’
তবে সমঝোতার পথে প্রধান বাধা হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আস্থার সংকটকে উল্লেখ করেন তিনি। গালিবাফ বলেন, ‘একটি চুক্তিতে পৌঁছানোর পথে বাধা হলো যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আস্থার অভাব।’
গালিবাফের দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্কো সফরের সময় মার্কিন কর্মকর্তারা তাঁকে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় মধ্যস্থতা করার অনুরোধ জানিয়েছিলেন। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কা নিয়েও সতর্ক করেন তিনি। তাঁর হুঁশিয়ারি, নতুন করে হামলা চালালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও পরাজয়ের মুখে পড়বেন। আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করতে যাওয়া নতুন মার্কিন কংগ্রেসের কাছ থেকেও তাঁকে রাজনৈতিক চাপ মোকাবিলা করতে হবে।
গালিবাফ বলেন, ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অনিশ্চিত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ। এ জন্য সামরিক সক্ষমতাসহ একটি টেকসই প্রতিরোধক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
এদিকে, ইয়েমেনে সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী এবং হুতি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত প্রসঙ্গে গালিবাফ বলেন, এই সংঘাতে ‘কারও হস্তক্ষেপ করা উচিত নয়’। হুতি গোষ্ঠী ‘আনসার আল্লাহ’ নামেও পরিচিত, যার আরবি অর্থ ‘আল্লাহর সাহায্যকারী’।
গালিবাফ বলেন, ‘ইয়েমেনের সরকার এবং সৌদি আরব—উভয় পক্ষ যদি আমাদের সহায়তা চায়, তাহলে তাদের মধ্যকার সংঘাত নিরসনে আমরা অবশ্যই সহযোগিতা করব।’
এর আগে সৌদি আরবের ওপর ধারাবাহিক প্রাণঘাতী হামলার ঘটনার পর গত অক্টোবরেও সৌদি আরব ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যে আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছিল ইরান।