হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলে সরকার গঠন নিয়ে আলোচনা শুরু, নেতানিয়াহুকেও ডাকলেন আইজেনকট

আজকের পত্রিকা ডেস্ক­

বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকট। ছবি: সংগৃহীত

ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে আলোচনা শুরু করতে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি দল লিকুদ পার্টিকে আমন্ত্রণ জানিয়েছেন পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকট। গতকাল শনিবার আইজেনকটের মধ্যপন্থি দল ইয়াশার পার্টি এ তথ্য জানিয়েছে। আজ রোববার থেকে দুই দলের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে—এক বিবৃতিতে ইয়াশার পার্টি জানায়, যতটা সম্ভব বিস্তৃত পরিসরে নতুন সরকার গঠনের বিষয়ে তাদের আন্তরিক অঙ্গীকারের অংশ হিসেবেই লিকুদ পার্টিকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। দলের চেয়ারম্যান গাদি আইজেনকট তাঁর আলোচনাকারী প্রতিনিধিদলকে লিকুদ পার্টির প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরুর নির্দেশ দিয়েছেন। রোববার আগে থেকে নির্ধারিত বৈঠকের মধ্য দিয়ে এই আলোচনা শুরু হবে।

ইসরায়েলের সাবেক সেনাপ্রধান আইজেনকটের হাতে আগামী মাস পর্যন্ত নতুন সরকার গঠনের সময় রয়েছে। গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কোনো রাজনৈতিক জোটই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন তিনি। তাঁর নেতৃত্বাধীন রাজনৈতিক শিবিরে অবশ্য সরকার গঠন নিয়ে মতভেদ রয়েছে। উগ্র-অর্থোডক্স ইহুদি দলগুলোর সঙ্গে জোট করা হবে, নাকি আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সঙ্গে সমঝোতা করা হবে, অথবা নেতানিয়াহুর জোটকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে, তা নিয়ে শিবিরটির মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

এদিকে, আইজেনকটের রাজনৈতিক শিবিরের গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত শনিবার তাঁর নেতৃত্বে একটি ‘জায়নবাদী ঐক্য সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, তাঁর দল নেতানিয়াহু কিংবা তাঁর নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের সঙ্গে সরকার গঠনে অংশ নেবে না।

অন্যদিকে, নেতানিয়াহু ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর মতে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সরকার প্রয়োজন। আইজেনকটের পক্ষ থেকে লিকুদ পার্টিকে আলোচনার আমন্ত্রণ জানানোর ঘোষণার কিছুক্ষণ পরই ঐক্য সরকার গঠনের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে দলটি।

লিকুদ পার্টি বলেছে, সরকার গঠনের আগে নেতানিয়াহু ও তাঁর সরকারের বিরুদ্ধে সব ধরনের ব্যক্তিগত আক্রমণ এবং উসকানিমূলক বক্তব্য বন্ধ করতে হবে। পাশাপাশি নেতানিয়াহু ও তাঁর সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বয়কটের অবস্থান থেকেও সরে আসতে হবে। আইজেনকট ইঙ্গিত দিয়েছেন, নেতানিয়াহুর দল লিকুদের কয়েকজন সদস্যকে নিয়ে তিনি সরকার গঠনে আগ্রহী। তবে নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারের অংশ না হওয়ার বিষয়ে তিনি আগেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

লিকুদ পার্টি আরও প্রস্তাব দিয়েছে, ঐক্য সরকার গঠনের বিষয়ে সব পক্ষকে একটি যৌথ ঘোষণা দিতে হবে। এতে বলা থাকবে, ইসরায়েল রাষ্ট্রকে ইহুদি জনগোষ্ঠীর জাতিরাষ্ট্র হিসেবে সমর্থন করে, এমন সব রাজনৈতিক দল সরকারে অংশ নিতে পারবে। তবে কোনো আরব দলকে এই সরকারে অন্তর্ভুক্ত করা যাবে না।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর থেকে নেতানিয়াহু ও তাঁর মিত্ররা আরব দলগুলোর নেতাদের সমালোচনা করে আসছেন। তাঁদের অভিযোগ, আরব দলগুলোর নেতারা হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে আরব দলগুলোর সব নেতাই ওই হামলার নিন্দা জানিয়েছেন।

ঐক্য সরকার গঠনের জন্য লিকুদ পার্টি কয়েকটি নীতিগত শর্তও প্রস্তাব করেছে। এগুলোর মধ্যে রয়েছে, ইসরায়েলকে ইহুদি জনগোষ্ঠীর জাতিরাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা এবং সিরিয়া, লেবানন ও গাজায় ইসরায়েলের কথিত ‘নিরাপত্তা অঞ্চল’ বজায় রাখা।

এ ছাড়া উগ্র-অর্থোডক্স ইহুদি সম্প্রদায়ের সদস্যদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিষয়টি নিয়ে ওই সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৃহত্তর সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব দিয়েছে লিকুদ পার্টি।

এর আগে শুক্রবার আইজেনকট বলেন, সরকার গঠনের আলোচনা তিনি দীর্ঘায়িত হতে দেবেন না। বিস্তৃত রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ হলে সংসদে ভোটাভুটির জন্য একটি সংখ্যালঘু জাতীয় জরুরি সরকার গঠনের প্রস্তাব উত্থাপন করতেও তিনি প্রস্তুত রয়েছেন।