হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাগদাদে খোলা হলো ইহুদি জাদুঘর—স্থানীয় মুসলিমদের ভিড়

আজকের পত্রিকা ডেস্ক­

জাদুঘরের বিভিন্ন নিদর্শন দেখছেন দর্শনার্থীরা। ছবি: এএফপি

ইরাকের রাজধানী বাগদাদে প্রথমবারের মতো চালু হয়েছে ইহুদি ঐতিহ্যবিষয়ক জাদুঘর। একসময় ইরাকের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল যে ইহুদি সম্প্রদায়, তাদের হারিয়ে যেতে বসা ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ হিসেবে এটি প্রতিষ্ঠা করা হয়েছে। জাদুঘরটি চালুর পর প্রতিদিনই সেখানে ভিড় করছেন দর্শনার্থীরা।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিএনএন জানায়, জাদুঘরটি গড়ে তোলা হয়েছে বাগদাদের ঐতিহাসিক আল-রশিদ সড়কের শামাশ ইহুদি স্কুল ভবনে। ১৯২৮ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি একসময় ইরাকের ইহুদি শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ছিল। গত মাসে ইরাকের ইহুদি সম্প্রদায়ের উদ্যোগে ভবনটিকে জাদুঘরে রূপান্তর করা হয়।

সংস্কার করা ভবনটির বিভিন্ন প্রদর্শনীতে স্থান পেয়েছে ইহুদিদের পুরোনো পারিবারিক ছবি, পরিচয়পত্র, হাতে লেখা নথি, শিক্ষার্থীদের সনদ ও স্কুলের বিভিন্ন ঐতিহাসিক দলিল। স্কুলটির প্রতিষ্ঠাতা ছিলেন ইহুদি দাতা ইয়াকুব শ্লোমো শামাশ। প্রদর্শনীতে রয়েছে ইহুদি ধর্মীয় প্রতীক মেনোরাহ বা সাত শাখাবিশিষ্ট বাতিদান। দেয়ালে ঝোলানো সাদা-কালো ছবিগুলোর মধ্যে রয়েছেন ইরাকের আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রথম অর্থমন্ত্রী সাসুন হেস্কেল। তিনি বাগদাদে জন্মগ্রহণকারী একজন ইহুদি ছিলেন।

ইরাকের ইহুদি সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতিনিধি সংগীতশিল্পী সালিমা মুরাদকেও স্মরণ করা হয়েছে জাদুঘরে। ১৯২০ ও ১৯৩০-এর দশকে তিনি ইরাকের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে পরিচিতি পেয়েছিলেন। ঐতিহ্যবাহী আরবি সংগীতধারা ‘ইরাকি মাকাম’ এবং জনপ্রিয় গান পরিবেশনের জন্য তাঁর বিশেষ খ্যাতি ছিল।

ইরাকের ইহুদি সম্প্রদায়ের আইনগত প্রতিনিধি আম্মার আল-তামিমি জানান, এখনো কোনো ইহুদি দর্শনার্থী জাদুঘরটি দেখতে আসেননি। তবে স্থানীয় ইরাকিদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

৭১ বছর বয়সী বাগদাদবাসী নাবিল আবদুল হামিদ ইতিমধ্যে দুবার জাদুঘরটি ঘুরে দেখেছেন। তিনি বলেন, প্রথমবার একা এসেছিলেন, পরে চিকিৎসক মেয়েকে ও নাতি-নাতনিদের নিয়ে আবার আসেন। তাঁর মতে, ইহুদিরা ইরাক রাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন। তিনি আশা করেন, একদিন তাঁরা আবার দেশে ফিরে এসে ইরাক পুনর্গঠনে ভূমিকা রাখবেন।

জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন ৬৪ বছর বয়সী খালিদা ফুয়াদ এলিয়াহু। বাগদাদে জন্ম নেওয়া এই দন্তচিকিৎসক বর্তমানে ইরাকের অবশিষ্ট ক্ষুদ্র ইহুদি সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছেন। ভবিষ্যতে ইহুদি ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট আরও স্থাপনা পুনরুদ্ধারের পরিকল্পনা রয়েছে তাঁর। জাদুঘর নির্মাণের সম্পূর্ণ ব্যয় বহন করেছে ইহুদি সম্প্রদায়।

ইতিহাসবিদ সাদি আল-ইরাকি উদ্যোগটিকে স্বাগত জানিয়ে দেশটির পুরোনো সিনাগগ ও অন্যান্য উপাসনালয়ও খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

জাদুঘরে রাখা ১৯১২ সালে তোলা একটি ইহুদি পরিবারের ছবি। ছবি: সিএনএন

ক্ষুদ্র হয়ে আসা সম্প্রদায়

উসমানীয় শাসনামল থেকে বিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত বাগদাদের মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ ছিল ইহুদি। মধ্যপ্রাচ্যে ইহুদি সম্প্রদায়ের ইতিহাস আড়াই হাজার বছরেরও বেশি পুরোনো। তবে ১৯৪০-এর দশকের শুরু থেকে আরব জাতীয়তাবাদের উত্থান ও ইহুদিবিদ্বেষী সহিংসতার কারণে অঞ্চলটি থেকে তাঁদের ব্যাপক দেশত্যাগ শুরু হয়।

১৯৪৭ সালে ইরাকে ইহুদির সংখ্যা ছিল প্রায় দেড় লাখ। ১৯৫০ থেকে ১৯৫২ সালের মধ্যে প্রায় ১ লাখ ২৫ হাজার ইরাকি ইহুদিকে আকাশপথে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে সরকারি হিসাব অনুযায়ী, বাগদাদে মাত্র কয়েকজন ইহুদি বসবাস করেন। নিরাপত্তার কারণে তাঁরা অনেকটা নিভৃতে জীবনযাপন করেন। এ ছাড়া কুর্দি বংশোদ্ভূত প্রায় ৯০ জন ইহুদি কুর্দিস্তান অঞ্চলে রয়েছেন।

তবে বাগদাদের পুরোনো বাণিজ্যিক এলাকা, নদীতীরবর্তী বাড়ি এবং বিভিন্ন স্থাপনার দেয়ালে খোদাই করা ইহুদি ধর্মীয় প্রতীক ‘স্টার অব ডেভিড’ আজও দেশটির সমৃদ্ধ ইহুদি অতীতের সাক্ষ্য বহন করছে।