সৌদি আরবের জেদ্দায় দ্রুত আকাশের দিকে উঠছে বিশ্বের ভবিষ্যৎ সর্বোচ্চ ভবন ‘জেদ্দা টাওয়ার’। দীর্ঘদিনের নির্মাণ-জট কাটিয়ে টাওয়ারটি এখন দুবাইয়ের বুর্জ খলিফার অর্ধেক উচ্চতার সীমা পেরিয়ে গেছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৮ সালে নির্মাণ শেষ হলে ভবনটির উচ্চতা এক কিলোমিটারেরও বেশি হবে। ফলে এটিই হবে বিশ্বের প্রথম এক হাজার মিটারের বেশি উচ্চতার ভবন।
একসময় ‘কিংডম টাওয়ার’ নামে পরিচিত জেদ্দা টাওয়ারের নকশা করেছেন অ্যাড্রিয়ান স্মিথ। দুবাইয়ের ৮২৮ মিটার উচ্চতার বুর্জ খলিফার নকশাকারও তিনি। ভবনটিতে বিলাসবহুল হোটেল, আবাসিক অ্যাপার্টমেন্ট, অফিস-সহ বিভিন্ন সুবিধা থাকবে। স্থাপত্য প্রতিষ্ঠান AS+GG-এর তথ্য অনুযায়ী, টাওয়ারটিতে থাকবে ৫৯টি লিফট। এ ছাড়া এখানে বিশ্বের সর্বোচ্চ পর্যবেক্ষণকেন্দ্র হিসেবে একটি আকাশ-টেরেসও নির্মাণ করা হচ্ছে।
জেদ্দা টাওয়ারের নির্মাণ শুরু হয় ২০১৩ সালে। তবে শুরু থেকেই প্রকল্পটি নানা বাধার মুখে পড়ে। ২০১৮ সালে শ্রমিক সংকট এবং সৌদি আরবে কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে গ্রেপ্তারের ঘটনায় নির্মাণকাজে ধীরগতি আসে। পরে করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালে আবার কাজ বন্ধ হয়ে যায়। প্রায় পাঁচ বছর ভবনটির নির্মাণ ৬৩ তলাতেই আটকে ছিল।
২০২৫ সালে কাজ ফের শুরু হওয়ার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। দিন-রাত প্রায় বিরতিহীনভাবে হাজার হাজার শ্রমিক কাজ করেন। মাত্র কয়েক মাসের মধ্যে ভবনটি ৬৩ তলা থেকে ১০০ তলায় পৌঁছে যায়। বর্তমানে এটি ১০৭ তলা পর্যন্ত উঠেছে এবং উচ্চতা ৪৩০ মিটারের বেশি। পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই বছরে ভবনটি ১৬৭ তলা পর্যন্ত উঠবে। তবে এর চূড়ান্ত উচ্চতা ঠিক কত হবে, তা এখনো প্রকাশ করা হয়নি। নিশ্চিতভাবে বলা হচ্ছে, উচ্চতা এক হাজার মিটারের বেশি হবে।
প্রকল্পটির পেছনে রয়েছেন সৌদি ব্যবসায়ী ও কিংডম হোল্ডিং কোম্পানির চেয়ারম্যান প্রিন্স আলওয়ালিদ বিন তালাল। সম্প্রতি নির্মাণকাজ পরিদর্শন করে তিনি জানিয়েছেন, কাজ এগিয়ে চলছে এবং বিশ্বের সর্বোচ্চ টাওয়ার নির্মাণের লক্ষ্য পূরণ করা হবে।
জেদ্দা টাওয়ার বর্তমানে মরুভূমির মধ্যে অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় দাঁড়িয়ে থাকলেও ভবিষ্যতে এটিকে ঘিরে গড়ে উঠবে বিশাল ‘জেদ্দা ইকোনমিক সিটি’। ৫৩ লাখ বর্গমিটার এলাকাজুড়ে গড়ে উঠবে অফিস, আবাসিক এলাকা, পার্কসহ নানা স্থাপনা।
এদিকে উপসাগরীয় অঞ্চলে আকাশচুম্বী ভবন নির্মাণের প্রতিযোগিতাও অব্যাহত রয়েছে। দুবাইয়ে নির্মাণাধীন বুর্জ আজিজির উচ্চতা হবে ৭২৫ মিটার। অন্যদিকে এক কিলোমিটারের বেশি উচ্চতার প্রস্তাবিত দুবাই ক্রিক টাওয়ারের পরিকল্পনা এখনো এগোয়নি। ফলে আপাতত বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের মুকুট ছিনিয়ে নেওয়ার দৌড়ে জেদ্দা টাওয়ারই সবচেয়ে এগিয়ে।