হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পার্লামেন্ট নির্বাচনের ৩ দিন আগে ব্যাপক বিক্ষোভের মুখে নেতানিয়াহু, উত্তাল তেল আবিব

আজকের পত্রিকা ডেস্ক­

বিক্ষোভে উত্তাল তেল আবিব। ছবি: এএফপি

ইসরায়েলের জাতীয় নির্বাচনের আর মাত্র দুদিন বাকি। এর মধ্যেই গতকাল শনিবার দেশটির রাজধানী তেল আবিবে সরকারবিরোধী বিশাল বিক্ষোভে জড়ো হন হাজার হাজার মানুষ। এই নির্বাচনকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের ওপর এক ধরনের গণভোট হিসেবে দেখা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ব্যক্তিদের পরিবার এবং জিম্মিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন ‘অক্টোবর কাউন্সিল’ এই বিক্ষোভের আয়োজন করে। ওই হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবিতে সংগঠনটি গড়ে উঠেছিল। হামাসের ওই হামলার পরই গাজায় যুদ্ধ শুরু হয়।

বিক্ষোভের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অক্টোবর কাউন্সিল জানায়, ‘নির্বাচনের তিন দিন আগে আমরা আমাদের তিন বছরের আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি পালন করব। এই আন্দোলনের লক্ষ্য সত্য উদ্ঘাটন করা, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করা।’

এই বিক্ষোভে বিরোধী দলগুলোর শীর্ষস্থানীয় নেতাদেরও অংশ নেওয়ার কথা রয়েছে।

মতামত জরিপগুলোতে দেখা যাচ্ছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বেশ হাড্ডাহাড্ডি। ২০২২ সালের শেষ দিক থেকে ক্ষমতায় থাকা নেতানিয়াহুর ডানপন্থী জোটের সঙ্গে তাঁর প্রধান মধ্য-ডানপন্থী প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের জোটের ব্যবধান খুবই কম। শুক্রবার রাতে নির্বাচনের আগে জনমত জরিপ প্রকাশের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে প্রকাশিত সর্বশেষ জরিপগুলোতে দেখা গেছে, ইসরায়েলের পার্লামেন্টে কোনো জোটই সংখ্যাগরিষ্ঠ আসন পাবে না।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদক জানিয়েছেন, হাজার হাজার বিক্ষোভকারী কেন্দ্রীয় রাবিন স্কয়ার থেকে মিছিল নিয়ে হোস্টেজ স্কয়ারের দিকে এগিয়ে যান। সেখানেই মূল সমাবেশের আয়োজন করা হয়। গাজায় আটক জিম্মিদের মুক্তির দাবিতে অতীতের সরকারবিরোধী বিক্ষোভগুলোরও অন্যতম প্রধান কেন্দ্র ছিল এই চত্বর।

সমাবেশ শুরুর কিছুক্ষণ আগে ৬৮ বছর বয়সী হাদাস ফয়েরস্টেইন এএফপিকে বলেন, ‘গত চার বছর ধরে যাঁরা আমাদের নেতৃত্ব দিয়েছেন, তাঁরা এতটাই খারাপভাবে দায়িত্ব পালন করেছেন যে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে।’ তিনি আরও বলেন, ‘ইসরায়েল কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি, যেমন পরিস্থিতিতে এখন রয়েছে।’

সরকারপন্থী আন্দোলনকারীরা বিক্ষোভে উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে অক্টোবর কাউন্সিল। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্কও করেছে সংগঠনটি। এক্সে দেওয়া পোস্টে অক্টোবর কাউন্সিল জানায়, ‘আজ রাতের সমাবেশে বিঘ্ন ঘটানোর জন্য ক্ষমতাসীন জোটের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষের তৎপরতার খবর পাওয়ার পর আমরা পুলিশ কমিশনারের কাছে জরুরি চিঠি পাঠিয়েছি।’

৭ অক্টোবরের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতার তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবিতে ইসরায়েলের নাগরিক সমাজ ও বিরোধী দলগুলো বছরের পর বছর ধরে আন্দোলন চালিয়ে আসছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় শনিবারের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ৭ অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার ঘটনা তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি উঠলেও নেতানিয়াহুর সরকার তাতে রাজি হয়নি। অতীতে ইসরায়েলে রাষ্ট্রীয় পর্যায়ের বড় ধরনের ব্যর্থতা তদন্তের জন্য এ ধরনের স্বাধীন কমিশন গঠনের নজির রয়েছে।

এর পরিবর্তে সরকার একটি ‘রাজনৈতিক’ তদন্ত কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, কমিশনের অর্ধেক সদস্য নিয়োগ করবে ক্ষমতাসীন জোট এবং বাকি অর্ধেক নিয়োগ করবেন বিরোধী দলের আইনপ্রণেতারা। তবে বিরোধী দলের নেতারা জানিয়েছেন, রাজনীতিকদের নিয়োগ দেওয়া এমন কোনো তদন্ত কমিশনে তাঁরা অংশ নেবেন না।

মার্কিন কর্মকর্তাদের হত্যার গোপন মিশনের ‘চূড়ান্ত পর্যায়ে’ ইরান, সতর্ক ওয়াশিংটন

অবরুদ্ধ পশ্চিম তীরে অভিযান দখলদার ইসরায়েলি বাহিনীর, হেবরনে ২২০০ জনকে উচ্ছেদ

সৌদি আরবের ৩ বিমানবন্দর, কয়েকটি তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের

ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র

অবরুদ্ধের পর এবার হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

জর্ডানে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ৭

‘সুস্থ’ হয়েও কেন জনসমক্ষে আসতে পারছেন না মোজতবা, ব্যাখ্যা দিলেন ইরানি কূটনীতিক

ইরান সীমান্তে গিয়ে মহড়া চালিয়ে এল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

পুরো পশ্চিম তীরকে অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর

ফের যুদ্ধের আশঙ্কায় রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ