হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে কয়েক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় চালানো এসব হামলায় আবাসিক, বাণিজ্যিক বা অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।

হরমোজগান প্রদেশের গভর্নরের রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিক বিষয়ক উপপ্রধান আহমদ নাফিসি জানান, কেশম দ্বীপের কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এতে দ্বীপের কোনো আবাসিক এলাকা, বাণিজ্যিক প্রতিষ্ঠান কিংবা অন্যান্য অবকাঠামোর ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, দ্বীপের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধার, জরুরি সেবা ও প্রশাসনিক সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কেশম শহরের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান স্থানীয় বাসিন্দারা। ইরানের সংবাদ সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পাশাপাশি দ্বীপটির আকাশে ধোঁয়াও দেখা গেছে। ইরনা জানিয়েছে, এদিন সেখানে অন্তত পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতেও দ্বীপটির আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের এই হামলা এমন এক সময়ে ঘটল, যখন দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ছে। এর আগে মঙ্গলবার বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। চার দিনের মধ্যে দেশটিতে এটি তাদের তৃতীয় হামলা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আইআরজিসির পরিচালিত সেপাহ নিউজ ওয়েবসাইটে বলা হয়, মঙ্গলবার সকালে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের পরিচালিত একটি রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে নির্ভুল হামলা চালিয়েছে তাদের যুদ্ধ ড্রোন।

হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। ফলে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাতের বিস্তার আন্তর্জাতিক নিরাপত্তা ও জ্বালানি বাজারের ওপরও প্রভাব ফেলতে পারে।