মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানের ওপর পাল্টা হামলা সাময়িকভাবে স্থগিত করেছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
হিব্রু গণমাধ্যমটির প্রতিবেদনে এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে জেরুজালেম আপাতত তেহরানের ওপর নতুন কোনো বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে একই সঙ্গে ওই কর্মকর্তা সতর্ক করে দিয়েছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যদি ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা অব্যাহত রাখে, তবে ইসরায়েলি বিমানবাহিনী লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে আবারও হামলা শুরু করবে।
চ্যানেল ১২-এর ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানে হামলা স্থগিত করা হলেও ভবিষ্যতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে। তবে এই রিপোর্টের সত্যতা এখনো স্বাধীন কোনো সূত্রের মাধ্যমে যাচাই করতে পারেনি আল জাজিরা।
এর আগে রোববার রাতে ইরান-ইসরায়েলের মধ্যে দুই মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। হিজবুল্লাহর রকেট হামলার জবাবে ইসরায়েল বৈরুতে হামলা চালালে, ইরান পাল্টা হিসেবে উত্তর ইসরায়েল লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। জবাবে আজ সোমবার ভোরে ইসরায়েলও ইরানের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় বিমান হামলা চালায়।
এই চরম উত্তেজনার মধ্যেই আজ সোমবার ইরানের সামরিক কমান্ড প্রথমে তাদের অভিযান স্থগিতের ঘোষণা দেয়। এর পরপরই ট্রাম্পের অনুরোধে ইসরায়েলের হামলা স্থগিত করার খবরটি সামনে এল।