কলম্বিয়ার কট্টর ডানপন্থী আইনজীবী আবেলর্দো দে লা এস্প্রিয়েলা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র এক দিনের মাথায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার দেশটির পশ্চিম উপকূলীয় কাউকা বিভাগের প্যান-আমেরিকান হাইওয়ের একটি টোল প্লাজায় এই বিস্ফোরণ ঘটানো হয়। কলম্বিয়ার সামরিক বাহিনীর দাবি, দেশটির সাবেক গেরিলা গোষ্ঠী ‘রিভোলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া’ বা ফার্ক-এর বিচ্ছিন্নতাবাদী দুটি সশস্ত্র গ্রুপ এই হামলা চালিয়েছে।
২০১৬ সালে সরকারের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তির মাধ্যমে ফার্ক মূলধারার রাজনীতিতে ফিরলেও, তাদের কিছু বিচ্ছিন্ন গ্রুপ এখনো সশস্ত্র সহিংসতা চালিয়ে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, এক ব্যক্তি চলন্ত গাড়িটি টোল প্লাজায় ফেলে রেখে একটি মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায় এবং এর পরপরই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। হামলায় দুই নিরাপত্তা রক্ষী সামান্য আহত হয়েছেন।
বিস্ফোরণের পরপরই প্রেসিডেন্ট দে লা এস্প্রিয়েলার প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কলম্বিয়ার যোগাযোগ ও পরিবহন মন্ত্রী এলসা নোগুয়েরা বলেন, ‘সহিংসতার সামনে কলম্বিয়া কখনো মাথা নত করবে না, কিংবা অঞ্চলের সঙ্গে সংযোগকারী অবকাঠামো ধ্বংস করতে দেওয়া হবে না।’
তিনি নতুন প্রেসিডেন্টের অভিষেক ভাষণের উদ্ধৃতি দিয়ে আরও বলেন, ‘প্রেসিডেন্ট আবেলর্দো দে লা এস্প্রিয়েলা যেভাবে বলেছেন—শৃঙ্খলা পুনরুদ্ধারের সময় শুরু হয়ে গেছে। আমরা দ্রুত নিরাপত্তা, ভূখণ্ডের নিয়ন্ত্রণ এবং কলম্বিয়ানদের শান্তি ফিরিয়ে আনব।’
গতকাল শুক্রবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করা দে লা এস্প্রিয়েলা নির্বাচনী প্রচারণার সময় থেকেই সশস্ত্র বিদ্রোহী ও মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে ‘লৌহ মুষ্টি’ নীতি এবং ‘সর্বাত্মক যুদ্ধ’-এর প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন।
নীতিগত পরিবর্তন ও ট্রাম্পের সমর্থনগত জুনে অনুষ্ঠিত নির্বাচনে বিদায়ী বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সমর্থিত প্রার্থী ইভান সেপেদাকে এক শতাংশেরও কম ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হন দে লা এস্প্রিয়েলা। ক্ষমতায় বসেই তিনি পেত্রোর ‘সামগ্রিক শান্তি’ নীতি পুরোপুরি বাতিলের ঘোষণা দেন।
সাবেক প্রেসিডেন্ট পেত্রো বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা এবং কোকা চাষিদের বিকল্প ফসল চাষে উৎসাহিত করার ওপর জোর দিয়েছিলেন। তবে দে লা এস্প্রিয়েলার মতে, আলোচনার সব পথ ‘নিঃশেষ হয়ে গেছে’ এবং এখন সামরিক শক্তিতে অপরাধ দমনই একমাত্র উপায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নতুন ডানপন্থী নেতৃত্বকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং কলম্বিয়ার জন্য ১০০ কোটি ডলারের নতুন নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন।
ট্রাম্প প্রশাসনের পরামর্শে মাদকবাহী সন্দেহজনক উড়োজাহাজ ও নৌকায় সরাসরি বোমা হামলার মতো কঠোর সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা করছেন দে লা এস্প্রিয়েলা। তবে মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে দিয়ে বলেছে, এই ধরনের কঠোর নীতি অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে।