ইকুয়েডরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সান্ধ্যকালীন প্রার্থনা চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক রোমান ক্যাথলিক পুরোহিত (পাদ্রি)। ধর্মীয় অনুষ্ঠানটি যখন সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি বা লাইভ সম্প্রচার করা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে একটি ভারী ক্রুশ (ক্রুসিফিক্স) খসে তাঁর মাথায় পড়ে।
রাজধানী কিটো থেকে প্রায় ২৬৫ কিলোমিটার দূরে অবস্থিত উপকূলীয় শহর গুয়ায়াকিলের আর্চডায়োসিস এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, নিহত পুরোহিতের নাম প্যাট্রিসিও সানচেজ। তিনি স্থানীয় ‘পারপেটুও সোকোরো’ গির্জার দায়িত্বে ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গত শনিবার রাতের সেই লাইভ ভিডিওতে দেখা যায়, পুরোহিত সানচেজ যখন সান্ধ্যকালীন মাস (বিশেষ খ্রিষ্টীয় প্রার্থনা) পরিচালনা করছিলেন, ঠিক তখনই তাঁর পেছনে দেয়ালে ঝুলতে থাকা একটি ভারী ক্রুশ হঠাৎ খুলে পড়ে। পেছন থেকে পড়ায় পুরোহিত সানচেজ সেটি দেখতে পাননি এবং ক্রুশটি সরাসরি তাঁর মাথায় গিয়ে আঘাত করে।
ঘটনার আকস্মিকতায় লাইভ সম্প্রচার চলাকালীনই গির্জায় উপস্থিত পুণ্যার্থীরা আতঙ্কে চিৎকার করে ওঠেন এবং সানচেজকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন।
তবে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসন বা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
নিহত পুরোহিত প্যাট্রিসিও সানচেজ ‘কনগ্রিগেশন অব দ্য মোস্ট হোলি রিডিমারের’ একজন সম্মানিত সদস্য ছিলেন। ১৭৩২ সালে প্রতিষ্ঠিত এই রোমান ক্যাথলিক ধর্মীয় গোষ্ঠীটি বিশ্বের প্রায় ৮০টি দেশে তাঁদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে থাকে।
তথ্যসূত্র: এবিসি নিউজ