হোম > বিশ্ব > লাতিন আমেরিকা

ক্ষমতায় এসেই বিক্ষোভের মুখে কলম্বিয়ায় প্রেসিডেন্ট, পুলিশের সঙ্গে সংঘর্ষ

আজকের পত্রিকা ডেস্ক­

কলম্বিয়ায় ক্ষমতায় এসেই বিক্ষোভের মুখে পড়েছেন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। ছবি: এএফপি

ক্ষমতায় আসার পাঁচ মাসের মাথায় অর্থনৈতিক নীতির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের মুখে পড়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। গতকাল বৃহস্পতিবার দেশটির বিভিন্ন শহরে শ্রমিক সংগঠন, বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ মানুষ বিক্ষোভ করেন। বিক্ষোভে আয়করের আওতা বাড়ানো, স্বাস্থ্যসেবায় সাধারণ মানুষের ব্যয় বৃদ্ধি এবং করপোরেট আয়কর কমানোর সরকারি প্রস্তাবের প্রতিবাদ জানানো হয়। রাজধানী বোগোতায় বিক্ষোভকারীদের মিছিলের সময় পুলিশের উপস্থিতি ছিল। এ সময় প্রায় ৩০ জন দাঙ্গা নিয়ন্ত্রণ পুলিশের সদস্যকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায়।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশজুড়ে কয়েক হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেন। তাদের অভিযোগ, সরকারের প্রস্তাবিত অর্থনৈতিক নীতির ফলে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হবে। ২১ বছর বয়সী মনোবিজ্ঞানের শিক্ষার্থী লেইদি গুতিয়েরেজ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কলম্বিয়ার একটি বড় অংশের মানুষ নিজেদের অসহায় মনে করছেন। ধনীরাই আরও বেশি অর্থ পাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘তারা আমাদের কলম্বীয়দের, বিশেষ করে সমাজের নিম্ন আয়ের মানুষের অর্থ লুটে নিচ্ছে।’

বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করেন প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা। ভিডিওতে তাকে একটি এসইউভিতে করে রাজধানী বোগোতার বিভিন্ন এলাকা ঘুরে দেখতে দেখা যায়। এ সময় তিনি বলেন, ‘যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে চান, তারা তা করার পূর্ণ স্বাধীনতা রাখেন। তবে আমি সড়ক অবরোধ কিংবা শহরাঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করব না।’

এর আগে গত অক্টোবরে প্রেসিডেন্টের জারি করা একটি ডিক্রির মাধ্যমে বিক্ষোভ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তি প্রয়োগের নিয়ম শিথিল করা হয়। এ সিদ্ধান্তের সমালোচনা করে বিভিন্ন মানবাধিকার সংগঠন। বর্তমানে দেশটির কংগ্রেসে সরকারের প্রস্তাবিত কর সংস্কার নিয়ে আলোচনা চলছে। আর্থিক সংকট মোকাবিলা এবং সরকারি রাজস্ব বাড়ানোর লক্ষ্যে এই সংস্কার প্রস্তাব করা হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, আগামী বছর কলম্বিয়ার বাজেট ঘাটতি জিডিপির ৯ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে, যা লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

শুরুতে খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর প্রস্তাব দিয়েছিল সরকার। তবে এ প্রস্তাবের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হলে ডানপন্থী প্রেসিডেন্ট সেই অবস্থান থেকে সরে আসতে বাধ্য হন।

তবে আয়করসংক্রান্ত প্রস্তাব নিয়ে এখনো ক্ষোভ রয়েছে অনেক কলম্বীয়র মধ্যে। বর্তমানে দেশটিতে যাদের মাসিক আয় প্রায় ১ হাজার ৪১৯ ডলারের বেশি, তাদের ওপর আয়কর প্রযোজ্য। কিন্তু সরকারের নতুন সংস্কার প্রস্তাব কার্যকর হলে মাসে প্রায় ৯৮৫ ডলারের বেশি আয় করেন, এমন ব্যক্তিদেরও আয়কর দিতে হবে। অর্থাৎ, আগের তুলনায় কম আয়ের মানুষও আয়করের আওতায় আসবেন।

২৯ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা ফেলিপে মনতানো বলেন, ‘আমাদের অনেক সময় বাধ্য হয়ে দিনে মাত্র একবার খাবার খেতে হয়। বিষয়টি সত্যিই অত্যন্ত হতাশাজনক।’

গত আগস্টে দে লা এসপ্রিয়েলা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অক্টোবরে প্রথম দেশব্যাপী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সে সময় কয়েক দশ হাজার মানুষ রাজপথে নেমেছিলেন। তাদের অভিযোগ ছিল, সরকার মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এবং সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর আমলে নেওয়া সামাজিক সংস্কারগুলো দুর্বল করে দিচ্ছে।

বর্তমান প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা একজন কোটিপতি ও সাবেক আইনজীবী। তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে দেশটির চলমান শান্তিপ্রক্রিয়া বন্ধ করতে চান। এর পরিবর্তে মাদক পাচারের সঙ্গে জড়িত গেরিলা গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ চালানোর অঙ্গীকার করেছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রথম ১০০ দিনে তার প্রতি জনসমর্থন ছিল ৪৮ দশমিক ৩ শতাংশ। তবে অ্যাটলাসইনটেলের প্রকাশিত জনমত জরিপে দেখা গেছে, সময়ের সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তা নিম্নমুখী হচ্ছে।