হোম > বিশ্ব > ইউরোপ

শত শত মাটির পাত্রসহ রোমান জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ইতালির সিসিলি দ্বীপের উপকূলে ২ হাজার বছরেরও বেশি পুরোনো একটি প্রাচীন রোমান জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন ডুবুরিরা। জাহাজটিতে অক্ষত অবস্থায় থাকা শত শত মাটির পাত্র বা অ্যাম্ফোরা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এসব পাত্রে প্রাচীনকালে মদ, জলপাই তেল ও শস্য পরিবহন করা হতো।

ইতালির সংস্কৃতিমন্ত্রী আলেসান্দ্রো জিউলি এই আবিষ্কারকে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হিসেবে উল্লেখ করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটির ধ্বংসাবশেষ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৬ মিটার গভীরে পাওয়া যায়। এর দৈর্ঘ্য প্রায় ২১ মিটার এবং প্রস্থ ৬ মিটার। ইতালির সংস্কৃতি মন্ত্রণালয়ের ধারণা, জাহাজটি খ্রিষ্টপূর্ব দ্বিতীয় অথবা প্রথম শতাব্দীর।

রোববার (৯ আগস্ট) বিবিসি জানায়, মাজারা দেল ভাল্লোর কাছে সমুদ্রতল জরিপের সময় জেলেসহ ফ্রি-ডাইভার জিয়াকোমো দে মোলা প্রথম ওই জাহাজের সন্ধান পান। স্ক্যানারে বড় একটি পাথরের মতো কিছু দেখতে পেয়ে তিনি ডুব দিয়ে কাছ থেকে পরীক্ষা করেন। কিন্তু কাছে গিয়ে দেখেন, সেটি পাথর নয়—শত শত অ্যাম্ফোরায় ভর্তি একটি প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দে মোলা লিখেছেন, প্রায় ২ হাজার বছর পর প্রথম কয়েকজন মানুষের একজন হিসেবে ওই স্থানটি দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। তাঁর প্রকাশ করা ভিডিওতে জাহাজের চারপাশে ঈল, স্ন্যাপারসহ নানা সামুদ্রিক প্রাণীর বিচরণ দেখা যায়।

ঘটনাটি জানার পর ইতালীয় পুলিশের সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা ইউনিটের বিশেষজ্ঞ ডুবুরিরা সেখানে যান। কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসাবশেষটি সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে জাহাজটির প্রকৃতি, নির্মাণকাল এবং বহন করা পণ্যের বিষয়ে বিস্তারিত গবেষণা চালাবেন বিশেষজ্ঞরা।

ভূমধ্যসাগরের তলদেশে এই ধরনের আরও বহু প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে বলে ধারণা করা হয়। ২০২৩ সালেও রোমের উত্তর-পশ্চিমে খ্রিষ্টপূর্ব প্রথম বা দ্বিতীয় শতাব্দীর একটি জাহাজের সন্ধান মিলেছিল।

দুবাই থেকে দেশে ফেরত পাঠানো হলো আইরিশ গ্যাং নেতা ডেনিয়েলকে

ইউক্রেনে ফের রুশ হামলা, শিশুসহ নিহত ৩

অভিবাসী নিয়ে কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে—ইতালিকে স্পেনের হুঁশিয়ারি

গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি

ন্যাটোভুক্ত কিছু দেশে হামলা চালাতে পারে রাশিয়া: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

ব্রিটিশ সেনাবাহিনী: ধর্ষণ-যৌন নির্যাতন যেখানে নিত্য ঘটনা

ইউরোপে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙল এবার অস্ট্রিয়ায়

মৃত্যু ভাতার জন্য সেনাদের বিয়ে—রাশিয়ায় ‘ব্ল্যাক উইডো’ কেলেঙ্কারি

পুতিনের হাতে কিমের ‘১২০ ক্ষেপণাস্ত্র’, ব্যবহৃত হবে ইউক্রেনে

কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ১৭