হোম > বিশ্ব > ইউরোপ

ট্রাম্প, এপস্টেইন ও রাশিয়া নিয়ে কী ফাঁস করল ডয়েচ ব্যাংক

আজকের পত্রিকা ডেস্ক­

যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: আল-জাজিরা

জার্মানির বৃহত্তম ব্যাংক ডয়চে ব্যাংকের ১ কোটি ৫০ লাখের বেশি অভ্যন্তরীণ নথি ফাঁস হয়েছে। এসব নথিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কারাগারে আত্মহত্যা করা যৌন অপরাধী জেফরি এপস্টেইন এবং রাশিয়ার প্রভাবশালী ধনকুবেরদের সঙ্গে ব্যাংকটির আর্থিক লেনদেনের নতুন তথ্য উঠে এসেছে। বিশেষ করে এপস্টেইন-সংশ্লিষ্ট সন্দেহজনক লেনদেনের পরিমাণ আগে জানা তথ্যের দ্বিগুণেরও বেশি বলে প্রকাশ পেয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) আল-জাজিরা জানায়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর একটি জোটের প্রকাশিত ‘ইনসাইড ডয়চে ব্যাংক’ অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। অর্থ পাচার প্রতিরোধে ব্যর্থতার কারণে অতীতে সমালোচিত ব্যাংকটি দীর্ঘদিন ধরে ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করে আসছে।

ফাঁস হওয়া নথির মধ্যে রয়েছে প্রায় ৯০ লাখ ই-মেইল, বৈঠকের কার্যবিবরণী, গ্রাহকের আর্থিক তথ্য যাচাইসংক্রান্ত প্রতিবেদন এবং অর্থনৈতিক অপরাধবিষয়ক অভ্যন্তরীণ তদন্তের নথি। দুই তথ্যদাতা এসব নথি ফাঁস করেছেন। তাঁদের পরিচয় নিরাপত্তার স্বার্থে গোপন রাখা হয়েছে। পরে ভারত ও দক্ষিণ আফ্রিকার দুই সাংবাদিক নথিগুলো বিশ্বের প্রায় ৫০টি সংবাদমাধ্যমের ২৩০ জনের বেশি সাংবাদিকের সঙ্গে ভাগ করে নেন। ওয়াশিংটনের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেও নথি দেওয়া হয়েছে।

নথিতে ট্রাম্পের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ৩০ লাখ ডলারের বেশি লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রাশিয়া ও আজারবাইজানের সন্দেহভাজন অর্থ পাচারকারী চক্রের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনও রয়েছে। ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ডয়চে ব্যাংকের কাছে ট্রাম্পের প্রতিষ্ঠানের প্রায় ৩৪ কোটি ডলারের ঋণ ছিল। ওই মাসে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ৬ জানুয়ারির হামলার পর ব্যাংকটি ট্রাম্পের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে।

এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৫৮ কোটি ২০ লাখ ডলারের লেনদেন ব্যাংকটির অভ্যন্তরীণ পর্যবেক্ষণে সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছিল। ২০১৩ সালে যৌন অপরাধী এপস্টেইন ব্যাংকটির গ্রাহক হন। এর পাঁচ বছর আগে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে যৌন ব্যবসায় নিয়োজিত করার অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। তা সত্ত্বেও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর হিসাব চালু রাখার অনুমোদন দিয়েছিলেন বলে ই-মেইলে দেখা গেছে।

নথিতে এপস্টেইনের সহযোগী ও সাবেক বান্ধবী গিসলেন ম্যাক্সওয়েলের কর্মকাণ্ড নিয়ে সতর্কবার্তার তথ্যও রয়েছে। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন নিপীড়নে সহযোগিতার দায়ে ২০২১ সালে দোষী সাব্যস্ত গিসলেন ম্যাক্সওয়েল বর্তমানে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

এ ছাড়া রাশিয়ার ধনকুবের রোমান আব্রামোভিচ ও ওলেগ দেরিপাস্কাসহ ক্রেমলিন-ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সঙ্গে ব্যাংকটির লেনদেনের তথ্য প্রকাশ পেয়েছে। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের চাচা রিফাত আল-আসাদ এবং ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি-সংশ্লিষ্ট লেনদেনের তথ্যও রয়েছে নথিতে।

ডয়চে ব্যাংক বলেছে, অভিযোগগুলোর অধিকাংশই বহু আগের ঘটনা। এরই মধ্যে ব্যাংকটির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এসব প্রকাশের কারণে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির আশঙ্কা নেই। ব্যাংকটির ভাষ্য, বর্তমান ডয়চে ব্যাংক আগের চেয়ে ভিন্ন প্রতিষ্ঠান।