হোম > বিশ্ব > ইউরোপ

শিরোপার লড়াইয়ে মাথায় আঘাত, আইরিশ বক্সারের মৃত্যু

২০২৩ সালে সেল্টিক সুপার-ফেদারওয়েট শিরোপা জয় করেছিলেন জন কুনি। ছবি: সিএনএন

আইরিশ বক্সার জন কুনি মাত্র ২৮ বছর বয়সে মারা গেছেন। তাঁর প্রমোটার মার্ক ডানলপ এক বিবৃতিতে ওই বিষয়টি নিশ্চিত করেছেন। ডানলপ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অত্যন্ত শোকের সঙ্গে জানাতে হচ্ছে, এক সপ্তাহ জীবন-মৃত্যুর লড়াইয়ের পর জন কুনি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ছিলেন সবার প্রিয় একজন সন্তান, ভাই ও জীবনসঙ্গী। আমরা তাঁকে কখনোই ভুলতে পারব না। জন দ্য কিড কুনি, শান্তিতে থাকো।’

রোববার সিএনএন জানিয়েছে, গত ১ ফেব্রুয়ারি বেলফাস্টের আলস্টার হলে অনুষ্ঠিত ম্যাচে জন কুনি তাঁর সেল্টিক সুপার-ফেদারওয়েট শিরোপা রক্ষার জন্য লড়ছিলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়েলসের নাথান হাওয়েলস। কিন্তু কুনির মাথায় গুরুতর আঘাতের কারণে এই লড়াইটি নবম রাউন্ডে থামিয়ে দেওয়া হয়। তাঁকে দ্রুত বেলফাস্টের রয়্যাল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা মস্তিষ্কে রক্তক্ষরণ ঠেকাতে জরুরি অস্ত্রোপচারও করেন।

কুনির বাবা-মা এবং তাঁর বাগ্‌দত্তা অ্যামালিন হাসপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কারণ তাঁরা কুনির জীবন বাঁচাতে দিনরাত চেষ্টা করেছেন। এ ছাড়া যারা জনের জন্য শুভকামনা ও প্রার্থনা করেছেন, তাঁদের প্রতিও তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২০২৩ সালের নভেম্বরে লিয়াম গেইনরকে পরাজিত করে কুনি সেল্টিক সুপার-ফেদারওয়েট শিরোপা জয় করেছিলেন। তবে হাতে চোট পাওয়ার কারণে এক বছর রিংয়ের বাইরে ছিলেন তিনি। গত বছরের অক্টোবরে তিনি আবারও লড়াইয়ে ফেরেন এবং তাম্পেলা মহারুসিকে হারান।

কুনির মৃত্যুতে শোকস্তব্ধ বক্সিং দুনিয়া। সাবেক ব্রিটিশ বক্সার রিকি হ্যাটন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘জনের মতো একজন প্রতিভাবান বক্সারকে হারানো সত্যিই হৃদয়বিদারক। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, জীবন অনিশ্চিত। প্রতিদিনকে শেষ দিনের মতো উপভোগ করতে হবে। আমার ভালোবাসা ও সমবেদনা জনের পরিবার ও কাছের মানুষদের প্রতি।’

সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্যারি ম্যাকগিগান এক্স মাধ্যমে লিখেছেন, ‘জন ছিলেন একজন মেধাবী তরুণ বক্সার। তাঁর পরিবার, বাগ্‌দত্তা অ্যামালিন ও প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা। শান্তিতে ঘুমাও, জন।’

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি হবু প্রধানমন্ত্রীর

হাঙ্গেরিতে অরবানের পতন: দূর হলো ইসরায়েলের বিরুদ্ধে ইইউর পদক্ষেপের প্রধান বাধা

কোরআন পোড়ানো ভ্যালেন্টিনার যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা

ইতালিতে বৈশাখী উৎসবে গুলি, দুই ভারতীয় নিহত

কিয়েভে বন্দুকধারীর গুলি ও জিম্মি-কাণ্ড, নিহত ৬

উগ্র ডানপন্থার উত্থান মোকাবিলায় স্পেনে বামপন্থীদের আন্তর্জাতিক সম্মেলন, থাকছেন যাঁরা

ইউরোপে ফুরিয়ে আসছে জেট ফুয়েল, চলবে আর ছয় সপ্তাহ

কোনো সরকার পছন্দ না হলে যুক্তরাষ্ট্রের উচিত প্রথমে আলোচনায় বসা: রাশিয়া

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৫

ইতালির ম্যাগাজিনের প্রচ্ছদে ইসরায়েলি বসতি স্থাপনকারীর ছবি ঘিরে উত্তেজনা